Home » দণ্ডি কাণ্ডের জের, জামিন পেলেন অভিযুক্ত তৃণমূল নেত্রী প্রদীপ্তা চক্রবর্তী

দণ্ডি কাণ্ডের জের, জামিন পেলেন অভিযুক্ত তৃণমূল নেত্রী প্রদীপ্তা চক্রবর্তী

সময় কলকাতা ডেস্ক,২৫ জুনঃ বেশ কয়েকদিন আগেই বালুরঘাটে আদিবাসী মহিলাদের দণ্ডি কাণ্ড নিয়ে উত্তাল হয়ে উঠেছিল রাজ্য-রাজনীতি। শাস্তির মুখে পড়তে হয়েছিল তপনের তৃণমূল নেত্রী প্রদীপ্তা চক্রবর্তীকে। আদিবাসী ওই তিন মহিলাকে দণ্ডিকাণ্ডের প্রতিবাদে দফায় দফায় বাংলা বনধ ডেকেছিল আদিবাসী সিঙ্গেল অভিযান। তারপরই গ্রেপ্তার করা হয়েছিল দণ্ডি কাণ্ডে অভিযুক্ত তপনের তৃণমূল নেত্রীকে। অবশেষে শুক্রবার জামিন পেলেন তৃণমূলনেত্রী প্রদীপ্তা চক্রবর্তী। এদিন বালুরঘাট জেলা ও দায়রা আদালতের প্রথম কোর্টের বিচারক অলি বিশ্বাস প্রদীপ্তা চক্রবর্তীর জামিন মঞ্জুর করেন। বিশেষ সরকারি আইনজীবী উদয় ঘোষ দস্তিদার জানান, দণ্ডি কাণ্ডে নিগৃহীতা তিন আদিবাসী মহিলা আদালতে উপস্থিত হয়ে প্রদীপ্তার জামিন হলে তাদের কোনও আপত্তি নেই। মামলাটিতে প্রদীপ্তা চক্রবর্তী সহ মোট তিন জনের বিরুদ্ধে পুলিশ আদালতে চার্জশিট পেশ করেছিল। পুলিশ ৫০৫ ও ৫০৯ ধারায় এবং এসসি এসটি প্রিভেনশন অব এট্রোসিটি অ্যাক্ট এ মামলা দায়ের করে।

উল্লেখ্য,বালুরঘাট মোড় থেকে কাঁঠালপাড়া। প্রায় এক কিলোমিটারের কিছু বেশি রাস্তা। সেই রাস্তায় দণ্ডি কেটে বিজেপিতে যোগদানকারীরা তৃণমূলে ফিরলেন। বিজেপিতে যোগদান করার শাস্তিস্বরূপ সারা শহর দণ্ডিকাটতে হয় ৩ আদিবাসী মহিলাকে। বালুরঘাট বিজেপি অফিসের সামনে থেকে তৃণমূল জেলা কার্যালয় পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা দণ্ডি কেটে যোগদান করার ছাড়পত্র পান তিন-চারজন আদিবাসী মহিলা। ভর সন্ধ্যায় রাস্তাতে এই ধরনের ঘটনায় রীতিমতো স্তম্ভিত বালুরঘাটবাসী।

আরও পড়ুন   দণ্ডি কাণ্ডের জের, আদিবাসী নির্যাতিতা শিউলিকে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী করল তৃণমূল

এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়েছিল রাজনৈতিক তরজা। দক্ষিণ দিনাজপুরের তপনের বিধায়ক বুধরাই টুডুর উপস্থিতিতে বিজেপির জেলা মহিলা মোর্চার উপস্থিতিতে গোফানগর অঞ্চলের প্রায় ২০০ জন মহিলা এবং তাঁদের পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই বিজেপিতে যোগদানকারী চার আদিবাসী মহিলাকে বালুরঘাট নিয়ে যাওয়া হয়। সেখানে দক্ষিণ দিনাজপুরের তৃণমূল মহিলা মোর্চার জেলা সভাপতি প্রদীপ্তা চক্রবর্তীর নেতৃত্বে ‘ঘর ওয়াপসি’ হয় তাঁদের। তবে অভিযোগ, বালুরঘাট কোর্ট মোড় থেকে পার্টি অফিস পর্যন্ত দণ্ডি কাটিয়ে আবার তৃণমূলে যোগ দেওয়ানো হয় তাঁদের। মুহূর্তের মধ্যে চার আদিবাসী মহিলার দণ্ডি কাটার সেই ভিডিও ছড়িয়ে পড়ে। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা।

About Post Author