Home » স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন আড় মাছের মুইঠ্যা

স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন আড় মাছের মুইঠ্যা

সময় কলকাতা ডেস্ক,২৪জুলাই: কালিয়া হোক কিংবা পাতুরি হোক বা ফিশ ফ্রাই— নানা ভাবেই বাঙালির মন জয় করেছে মাছ। মাছ খেতে ভালবাসেন না এমন বাঙালি খুব কমই দেখা যায়। মুইঠ্যা মানেই কি চিতল? অথবা ভেটকি? সেই দস্তুর ভেঙে এবার পাতে পড়ুক আড় মাছের মুইঠ্যা। আড় মাছের স্বাদ চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন আড় মাছের মুইঠ্যা। বাড়ির বড়ো থেকে ছোট,একেবারে চেটেপুটে খাবে আড় মাছের মুইঠ্যা। আড় মাছের মুইঠ্যা বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
আড় মাছ: ৫০০ গ্রাম
জিরে গুঁড়ো: ২ চা চামচ
ধনে গুঁড়ো: ১ চা চামচ
লঙ্কা গুঁড়ো: আধ চা চামচ
কাঁচা লঙ্কা কুচি: টেবিল চামচ
হলুদ গুঁড়ো: আধ চামচ
আলু সেদ্ধ: ১টি
নুন: পরিমাণ মত


চিনি: স্বাদমত
পেঁয়াজ কুচি: এক কাপ
টম্যাটো কুচি: আধ কাপ
পেঁয়াজ বাটা: আধ কাপ
আদা বাটা: ১ চা চামচ
সর্ষের তেল: আধ কাপ
ঘি: ২ টেবিল চামচ
গরম মশলা: আধ চা চামচ

আরও পড়ুন   রবিবারের সন্ধ্যার টিফিনে বানিয়ে ফেলুন গন্ধরাজ চিকেন ফ্রাই


রন্ধন পদ্ধতি
প্রথমেই আড় মাছ ধুয়ে নুন, হলুদ মাখিয়ে সেদ্ধ করে নিন। আলুও সেদ্ধ করে রাখুন। এরপর সেদ্ধ করা মাছের কাঁটা বেছে নিয়ে তার সঙ্গে আলুসেদ্ধ মেখে নিন। এরমধ্যে একেএকে দিয়ে দিন নুন, সামান্য চিনি, আদা বাটা, সামান্য হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। এবার সব উপকরণ ভাল করে মিশিয়ে একটি মণ্ড তৈরি করুন। ওই মণ্ড থেকে ছোট ছোট মুঠোর আকারে বানিয়ে নিন। এবার কড়াইতে তেল গরম করে মুইঠ্যাগুলো ভেজে তুলে রাখুন। ওই কড়াইতেই আদা বাটা, পেঁয়াজ বাটা, টম্যাটো কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, সামান্য চিনি, হলুদ,লঙ্কা গুঁড়ো ভাল করে কষিয়ে নিন। মশলা কষতে কষতে তেল ছেড়ে এলে জল দিয়ে ফুটতে দিন। গ্রেভি ঘন হয়ে এলে ভেজে রাখা মুইঠ্যাগুলো দিয়ে দিন। ফুটে এলে উপর থেকে ঘি, গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিন আড় মাছের মুইঠ্যা।

About Post Author