Home » মেডিক্যাল বুলেটিনে স্বস্তি ,আগের থেকে অনেকটাই সুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য

মেডিক্যাল বুলেটিনে স্বস্তি ,আগের থেকে অনেকটাই সুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য

বীথিন সরকার, সময় কলকাতা,৪ আগস্ট : আশঙ্কা ধীরে ধীরে কমছে। মেডিক্যাল বুলেটিন অনুযায়ী,আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ শুক্রবার সকালে দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালের তরফে বিবৃতি জারি করে তেমনটাই জানানো হয়েছে। জানা গিয়েছে,এই মুহূর্তে বুদ্ধবাবুর ফুসফুসের সংক্রমণের মাত্রা এখন অনেকটাই কমেছে। শুক্রবার রক্তপরীক্ষার রিপোর্টে চিন্তার কারণ নেই বলেই জানিয়েছেন চিকিৎসকরা। এবার চেষ্টা করা হবে যাতে মুখ দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে খাওয়ানো যায়৷ চিকিৎসকরা চাইছেন, তিনি যাতে ধীরে ধীরে মুখ দিয়ে খেতে পারেন, সেটা নিশ্চিত করা এখন চিকিৎসকদের প্রধান লক্ষ্য। তবে এখনই রাইলস টিউব খোলা হবে না বর্ষীয়ান এই নেতার। তিনি ক্লাস্টার্ড জাতীয় খাবার খেতে পারছেন কি না, সেটাও ধীরে ধীরে দেখবেন চিকিৎসকরা। সব মিলিয়ে, মেডিক্যাল বুলেটিনে আপাতত কোথাও দুশ্চিন্তার বার্তা নেই।

শুক্রবার সকালের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, বুদ্ধদেববাবুকে নন-ইনভেসিভ ভেন্টিলেটরে রাখা হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। ভারত বিখ্যাত পালমনোলজিস্ট ধীমান গঙ্গোপাধ্যায় তাঁকে দেখে গিয়েছেন। গতকালই তিনি জয়পুর থেকে একদিনের সফরে কলকাতায় এসে বুদ্ধবাবুকে দেখে ফিরে যান জয়পুর। তিনি বেশ কিছু পরামর্শ দিয়েছেন বুদ্ধবাবুর চিকিৎসকদের। এদিন ফের বিকেলে মেডিক্যাল বোর্ড বসবে।

গত শনিবার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন বুদ্ধবাবু। শরীরে অক্সিজেনের মাত্রাও কমতে শুরু করেছিল। হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়, বুদ্ধদেবের শ্বাসনালীতে (লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট) সংক্রমণ রয়েছে এবং ‘টাইপ-২ রেসপিরেটরি ফেলিওর’ হয়েছে। সেখান থেকে তিনি অনেকটাই ভালো রয়েছেন বলে জানানো হয়েছে৷ চিকিৎসকদের আশ্বাসে প্রাক্তন মুখ্যমন্ত্রীর গুনগ্রাহীদের মধ্যে আপাতত স্বস্তি।

আরও পড়ুন :দৈনিক রাশিফল : ৪ আগস্ট কেমন কাটবে?

About Post Author