Home » কুকি ও মেতেই জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে ফের অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরে

কুকি ও মেতেই জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে ফের অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরে

সময় কলকাতা ডেস্ক, ৫ আগস্ট: প্রায় চার মাসেরও বেশি সময় ধরে অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরে। মণিপুরে লাগাতার অশান্তির ঘটনায় ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ছে কেন্দ্রীয় সরকার। এহেন পরিস্থিতিতে মণিপুর প্রশাসনের প্রতি তীব্র অনাস্থা প্রকাশ করলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। মণিপুর ইস্যুতে রাজ্যের পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। এহেন পরিস্থিতিতে ফের সংঘর্ষ শুরু হল মণিপুরে।  জানা গিয়েছে, শুক্রবার রাতে  নতুন করে কুকি ও মেতেই জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। আগুন লাগিয়ে দেওয়া হয় একাধিক বাড়িতে। এই সংঘর্ষের জেরে এখনও পর্যন্ত মেতেই জনগোষ্ঠীর ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মণিপুর প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দুই জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ রুখতে অনেক আগেই বাফার জ়োন তৈরি করা হয়েছিল। শুক্রবার রাতে সেই জোন পেরিয়েই কয়েকজন ঢুকে পড়ে এবং গুলি চালায়। এরপরই দুই জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়।

উল্লেখ্য,গত বুধবারই উত্তপ্ত মণিপুরে শান্তি ফেরাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দারস্থ হয়েছে ‘ইন্ডিয়া’ জোটের প্রতিনিধিরা। এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে তাঁর কাছে স্মারকলিপি জমা দেন বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের প্রতিনিধিরা। এদিন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন শরদ পাওয়ার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, সঞ্জয় রাউত প্রমুখ। তাঁর হাতে স্মারকলিপি তুলে দেন বর্ষীয়ান কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। স্মারকলিপিতে রাষ্ট্রপতির কাছে জানানো হয়েছে,সংসদের বাদল অধিবেশনে আর দেখা মিলছে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। মণিপুরে হস্তক্ষেপ করুন রাষ্ট্রপতি। পাশাপাশি এদিন রাজ্যসভার সাংসদ তৃণমূল নেত্রী সুস্মিতা দেব রাষ্ট্রপতির কাছে আরজি জানিয়েছেন, মণিপুরের দুই নির্যাতিতা মহিলাকে রাজ্যসভায় পাঠানো হোক।

আরও পড়ুন    মণিপুরে শান্তি ফেরাতে রাষ্ট্রপতিকে স্মারকলিপি ‘ইন্ডিয়া’ জোটের

প্রসঙ্গত, গত সপ্তাহেই অশান্ত মণিপুরে যান ‘ইন্ডিয়া’ জোটের ১৬টি দলের মোট ২০ জন প্রতিনিধি। মণিপুর পৌঁছেই তাঁরা দুই দলে ভাগ হয়ে যায়। একদল পাহাড়ি অঞ্চলে সংখ্যাগরিষ্ঠ কুকিদের সঙ্গে দেখা করে। অন্যদলটি উপত্যকায় মেইতেই সম্প্রদায়ের সঙ্গে দেখা করে। উপত্যকার ইম্ফল থেকে পাহাড়ের চূড়াচাঁদপুর– দুই প্রতিনিধিদল সর্বত্র গিয়েছে। ত্রাণ শিবিরগুলিতে মহিলা ও শিশুদের করুণ পরিস্থিতি দেখে স্তম্ভিত তাঁরা। গত রবিবার সকালে মণিপুরের রাজ্যপালের সঙ্গে ইন্ডিয়া জোটের প্রতিনিধিদল দেখা করেছে। বিরোধীদের দাবি, গত ৮৯ দিন ধরে প্রধানমন্ত্রী যেভাবে মণিপুর নিয়ে মৌনব্রত নিয়েছেন, তাতেই বোঝা যায়, মণিপুর নিয়ে তাঁর মানসিকতা কী। এদিন রাজ্যপাল অনুসূয়া উইকের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর হাতে মণিপুর ইস্যুতে স্মারকলিপি তুলে দেন ‘ইন্ডিয়া’ জোটের সাংসদরা। মণিপুরের রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন ‘ইন্ডিয়া’ জোটের ২১ জন সাংসদ। তাঁদের জমা দেওয়া স্মারকলিপিতে রীতিমতো তীব্র ভাষায় বিজেপি সরকারকে আক্রমণ শানানো হয় বলেই সূত্রের খবর।

About Post Author