Home » স্বাদে নতুনত্ব আনতে বাড়িতেই বানিয়ে ফেলুন পমফ্রেট পাতুরি

স্বাদে নতুনত্ব আনতে বাড়িতেই বানিয়ে ফেলুন পমফ্রেট পাতুরি

সময় কলকাতা ডেস্ক, ২০ আগস্ট: ছুটির দিনে সবসময় একই রকম মাছ বা মাংসের ঝোল-ঝাল খেতে কার ভালো লাগে, বলুন তো? একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই পরিবারের সদস্যদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন পমফ্রেট পাতুরি। পাতুরি মানেই কি শুধু চিংড়ি বা ইলিশ? সেই দস্তুর ভেঙ্গে এবার পাতে পড়ুক পমফ্রেট পাতুরি। রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন পমফ্রেট পাতুরি। ভাত বা পোলাওয়ের সঙ্গে একবার এই পমফ্রেট পাতুরি খেলে আর ভুলতে পারবেন না। পমফ্রেট পাতুরি বাঙালির হেঁসেলে অনায়াসেই বানানো যায়। পমফ্রেট পাতুরি বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
পমফ্রেট মাছঃ ৫ পিস
গরম মশলার গুঁড়ো: এক চা চামচ
হলুদ গুঁড়ো: এক চা চামচ
পেঁয়াজ কুচি: এক কাপ
রসুন বাটা: এক চা চামচ
কাঁচা লঙ্কা বাটা: এক চা চামচ
পাতি লেবুর রস: এক চা চামচ
তেল: পরিমাণ মতো
নুন: স্বাদ মতো

আরও পড়ুন    ছাত্রমৃত্যুর ঘটনার পরই ভারপ্রাপ্ত উপাচার্য পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়

প্রণালী
প্রথমেই মাছগুলি ভাল করে ধুয়ে নিয়ে তার মধ্যে বাটা মশলা, নুন, লেবুর রস মিশিয়ে কয়েক ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। এবার একটি কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজগুলি ভাজা হয়ে এলে তার মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছ ঢেলে দিন। কিছুক্ষণ নাড়াচাড়া করুন। মাছ কষানো হয়ে গেলে একটি কলা পাতায় সেটি ঢেলে ভাল করে মুড়িয়ে বেঁধে দিন। এবার আলাদা একটি কড়াইতে ভাল করে তেল মাখিয়ে নিন। ওই পাতায় মুড়িয়ে রাখা মাছগুলি এই তেল মাখানো কড়াইতে বসিয়ে দিন। একেবারে কম আঁচে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখুন। আধঘণ্টা পর ঢাকনা খুলে ভাত বা পোলাওয়ের সঙ্গে গরম গরম পরিবেশন করুন পমফ্রেট পাতুরি।

About Post Author