Home » ধূপগুড়ি উপনির্বাচনের আগে নির্বাচন প্রক্রিয়া থেকে ময়নাগুড়ির বিডিওকে সরানোর দাবি তুলল বিজেপি

ধূপগুড়ি উপনির্বাচনের আগে নির্বাচন প্রক্রিয়া থেকে ময়নাগুড়ির বিডিওকে সরানোর দাবি তুলল বিজেপি

সময় কলকাতা ডেস্ক, ৪ সেপ্টেম্বর : রাত পোহালেই ধূপগুড়ি উপনির্বাচন। উত্তেজনার পারদ বাড়ছে ভোট ঘিরে। ধূপগুড়ি উপনির্বাচনের আগে ভোটে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা প্রশাসনিক আধিকারিকের বিরুদ্ধে তীব্র আপত্তি তুলল বিজেপি।ময়নাগুড়ির বিডিওকে ভোটে দায়িত্ব দেওয়া  নিয়ে আপত্তি তাদের। প্রসঙ্গত,ময়নাগুড়ির বিডিও শুভ্র নন্দীকে ধূপগুড়ি উপনির্বাচনের আগে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের তরফে রবিবার একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে রিসিভিং সেন্টার ও স্ট্যাটুটরি ফর্মের স্ক্রুটিনির দায়িত্বে কারা থাকবেন সে কথা পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে। এই দায়িত্বে যারা থাকবেন তাঁদের মধ্যে শীর্ষে রয়েছেন ময়নাগুড়ির ব্লক ডেভেলপমেন্ট অফিসার শুভ্র নন্দী আর তাঁকে নিয়ে ঘোরতর আপত্তি রয়েছে বিজেপির। সোমবার তারা দলীয় ভাবে এই নিয়োগ ঘিরে সরব হয়েছে।পঞ্চায়েত নির্বাচনে শুভ্র নন্দীকে শাসক দলের হয়ে সক্রিয় থাকতে দেখা গিয়েছে বলেই বিজেপির অভিযোগ। বিজেপি উপনির্বাচনের আগের দিনই সুনির্দিষ্ট ভাবে ময়নাগুড়ির বিডিওকে সরিয়ে নিতে নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছে।

বিজেপির আপত্তি সম্বলিত বক্তব্য যে,ধূপগুড়ি উপনির্বাচনের দায়িত্বে থাকবেন ময়নাগুড়ির বিডিও। ধূপগুড়িতে বিডিও থাকা সত্বেও কেন ময়নাগুড়ির ‘বিতর্কিত’ বিডিও-কে এই দায়িত্ব দেওয়া হল, বিজেপি সেই প্রশ্ন তুলেছে । ইতিমধ্যেই বিজেপির স্টেট ভাইস প্রেসিডেন্ট রথীন্দ্রনাথ বোস জানিয়েছেন, তারা বিভিন্নভাবে কাছে জেনেছেন, এমনকি দলীয় কর্মীরাও জানিয়েছেন,পঞ্চায়েত নির্বাচনে ময়নাগুড়ির  বিডিও তৃণমূলের হয়ে সক্রিয়ভাবে কাজ করেছেন। তাই তারা ইলেকশন কমিশনে অভিযোগ করেছেন। বিজেপি নেতার বক্তব্য, তাদের বিশ্বাস যে ময়নাগুড়ির আধিকারিকের নিয়োগ সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন তাদের বক্তব্য অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেবে। “নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে” ময়নাগুড়ির বিডিওকে নির্বাচন প্রক্রিয়া থেকে সরানোর আর্জি জানিয়েছে বিজেপি ।।

আরও পড়ুন :বিতর্কের মাঝেই বদলি ‘লিপস অ্যান্ড বাউন্ডসে’র ফাইলকাণ্ডে জড়িত ইডি অফিসার

About Post Author