সময় কলকাতা ডেস্ক, ৬ সেপ্টেম্বর: গরু পাচার মামলার তদন্ত যত এগোচ্ছে, ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। গরু পাচার মামলায় আরও চাপ বাড়ল বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডলের। এবার আসানসোলের সিবিআই আদালত থেকে গরু পাচার মামলা স্থানান্তরিত করা হল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে। কিছুদিন আগেই এই মামলা আসানসোলের সিবিআই আদালত থেকে সরানোর আবেদন জানিয়েছিল ইডি। সেই আবেদনই সায় দেন আসানসোল সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী।

বুধবার ইডির তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, আর্থিক দুর্নীতি মামলার ৪৪/১সি ধারা অনুযায়ী ইডি এই মামলা যে কোনও আদালতে স্থানান্তরের জন্য আবেদন করতেই পারে। যদিও এই আবেদনের তীব্র বিরোধিতা করেন অনুব্রত মণ্ডলের আইনজীবী সোমনাথ চট্টরাজ। তিনি বলেন, সিবিআইয়ের মামলার শুনানি যতদিন না শেষ হচ্ছে, ততদিন পর্যন্ত এই আবেদন স্থগিত রাখা উচিত। এরপরই আসানসোলের সিবিআই আদালতের বিচারক স্পষ্ট জানিয়ে দেন,দিল্লিতেই এই মামলার শুনানি হবে। এদিকে, গত ২৯ আগস্ট গরু পাচার মামলায় ফের পিছিয়ে যায় বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলের জামিনের শুনানি।
আরও পড়ুন যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ অভ্যন্তরীণ তদন্ত কমিটির
গত সপ্তাহের মঙ্গলবার দিল্লি হাইকোর্টে সুকন্যা মণ্ডলের কোনও আইনজীবী উপস্থিত না থাকায় এই মামলার শুনানি পিছিয়ে যায়। আগামী ২৭ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে বলেই জানিয়েছেন দিল্লি হাইকোর্টের বিচারপতি দীনেশ কুমার শর্মা। এর আগেও একাধিকবার অসুস্থতার কথা জানিয়ে জামিনের আবেদন জানিয়েছিলেন সুকন্যা। যদিও পরে তা খারিজ হয়ে যায়। প্রথমদিকে সুকন্যার হয়ে মামলা লড়ছিলেন বিচারপতি অমিত কুমার। পরবর্তীতে সরিয়ে দেওয়া হয় তাঁকে। এর আগে গত ১৮ আগস্ট ফের অনুব্রত, সুকন্যা ও সায়গলের জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধি পায়। ২১ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেই সূত্রের খবর।


More Stories
দুশ্চিন্তার দিন শেষ! আয়ুষ্মান কার্ড এখন হাতের মুঠোয়
আমডাঙায় ফুড প্লাজা ভাঙচুর, অভিযোগের তির বিজেপির দিকে
চুরমার বারাসাতের তৃণমূল নেতা অরুণ ভৌমিকের বাড়ি ও পার্টি অফিস, মেরে ফেলা হতে পারে আশঙ্কা স্ত্রীর