সুদীপ ঘোষ ও প্রীতম বর্ধন,সময় কলকাতা , ৯ সেপ্টেম্বর : পাড়ার খুদেদের হাতাহাতি থামাতে গিয়েছিলেন বৃদ্ধ। শান্তির জন্য শিশুদের মারামারি থামাতে যাওয়াই কাল হল বয়স্ক মানুষটির। শিশুদের থেকে শুরু হয়ে বড়দের মধ্যে ছড়ায় উত্তেজনা। মাঝখান থেকে যুবকের ঘুষি খেয়ে প্রাণ গেল বয়স্ক শান্তিকামী মানুষটির ।বারাসাতের ১৫ নম্বর ওয়ার্ড বিজয়নগরের ঘটনা।অভিযোগ, তাঁকে একের পর এক ঘুষি মেরে বৃদ্ধকে খুন করে বাপ্পা সর্দার। অভিযুক্ত বাপ্পা এলাকায় মূর্তিমান আতঙ্ক হয়ে দেখা দিয়েছে বলে বিজয়নগরের বাসিন্দারা অভিযোগ করছেন।
মৃত পানু মন্ডল শারীরিক কারণে বাড়িতেই থাকতেন। আগে ভ্যান রিক্সা চালাতেন। শরীর ভালো যাচ্ছিল না তাই ইদানিং বাড়িতে থেকে টুকিটাকি বাড়ির কাজ করতেন। শনিবার সকাল যে তাঁর জীবনের শেষ প্রহর ছিল তা তিনি জানতেন না। সামান্য কারণে প্রাণঘাতী প্রহার জুটবে জানতেন না, জানলে বিজয়নগরের শিশুদের মধ্যে বিবাদ মেটাতে যেতেন না।
শনিবার সকালে পাড়ায় ছোট ছেলেরা গুলি খেলছিল। স্বাভাবিকভাবেই শিশু-কিশোরদের মধ্যে তর্ক বিবাদ শুরু হয়। বিবাদ থেকে হাতাহাতি হওয়ার উপক্রম হতেই শান্তিপ্ৰিয় পানু মন্ডল ছাড়াতে যান। আর এসময় তিনি বাপ্পার রোষের মুখে পড়েন। ঘুষির বৃষ্টি শুরু হয়। বুকে ও পাঁজরে একের পর এক ঘুষি খেয়ে লুটিয়ে পড়েন নিরীহ বৃদ্ধ। ঘুষির পাশাপাশি ইঁট দিয়েও বাপ্পা তাঁকে আঘাত করে বলে জানা গিয়েছে। এও অভিযোগ করা হয়েছে, বয়সের কথা বলে পানু মন্ডলকে ছেড়ে দিতে বলায় ঘটনাস্থলে উপস্থিত মহিলাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে বাপ্পা । তিনি লুটিয়ে না পড়া পর্যন্ত সবার চোখের সামনে দুর্বল ও অসহায় বৃদ্ধকে নৃশংসভাবে প্রহার করা হয়। ঢিলছোড়া দূরত্বে অবস্থিত বারাসাত হাসপাতালে নিয়ে গিয়ে বাঁচানো যায় নি পানু মন্ডলকে।
আরও পড়ুন :রবীন্দ্র মুক্তমঞ্চ : বারাসাতে এক টুকরো শান্তিনিকেতন
এলাকাবাসী বলছেন, বাপ্পার মত দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত হয়েই চলেছে বারাসাত শহরের ১৫ নম্বর ওয়ার্ডের বিজয়নগরে। হিটলারি শাসনে মানুষকে যখন তখন মারধর করে দুষ্কৃতীরা। শারীরিক নিগ্রহ বিজয়নগরের নিত্যনৈমিত্তিক ঘটনা এবং আইন বাপ্পদের হাতে । সামান্য ঘটনায় বা বড় ঘটনায় বয়স্ক বা মহিলাকে বিন্দুমাত্র রেয়াত করা হয় না। ফলশ্রুতি এবার প্রাণ গেল এক প্রবীণ মানুষের।।
আরও পড়ুন : শিশুমৃত্যুর জন্য গাফিলতির অভিযোগ, চাঁচলে নার্সিংহোম ভাঙচুর, কর্তৃপক্ষ দায় নিতে নারাজ


More Stories
রাজনৈতিক পটপরিবর্তন ও বিজেপির অভিনব বনভোজনে ডুয়ার্সে
কীভাবে ও কেন খু*ন শুভেন্দুর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে?
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?