Home » আপ-তৃণমূলে নমনীয় কংগ্রেস হাইকমান্ড, রাজ্য নেতৃত্বকে কি বার্তা দিলেন রাহুল-সনিয়া

আপ-তৃণমূলে নমনীয় কংগ্রেস হাইকমান্ড, রাজ্য নেতৃত্বকে কি বার্তা দিলেন রাহুল-সনিয়া

সময় কলকাতা ডেস্ক, ১৭ সেপ্টেম্বর: ইন্ডিয়া জোট নিয়ে তাৎপর্যপূর্ণ বার্তা কংগ্রেস হাইকমান্ড সনিয়া গান্ধির। কংগ্রেস রাজ্য নেতৃত্বর উদ্দেশ্যে ইন্ডিয়া জোটের শরিক দলগুলিকে সম্পূর্ণ সহযোগিতার বার্তা দিলেন সনিয়া। রবিবার হায়দরাবাদে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক ছিল। সেই বৈঠকে দলের নেতাদের এই বার্তা দিয়েছেন কংগ্রেস নেত্রী। কেন্দ্রের ক্ষমতা থেকে বিজেপিকে সরাতে সেটাই একমাত্র রাস্তা বলে মনে করেন তিনি। শুধু সনিয়া নন, ইন্ডিয়া জোটকে মজবুত করার ডাক দিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিও।

২০২৪ লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে দেশের বিরোধী দলগুলি একটি মঞ্চে সমবেত হয়েছে। যেই জোটের নাম দেওয়া হয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স। সংক্ষেপে ইন্ডিয়া। এই জোটে থাকা দলগুলির মধ্যে বেশিরভাগের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক মজবুত। ব্যতিক্রম তৃণমূল কংগ্রেস ও আম আদমি পার্টি। এই মুহূর্তে দেশের তিন গুরুত্বপূর্ণ রাজ্য তথা পশ্চিমবঙ্গ, পঞ্জাব ও রাজধানী দিল্লিতে ক্ষমতায় রয়েছে এই দুটি দলের সরকার। এক মঞ্চে আসলেও তাঁদের মধ্যে সম্পর্কে কি উন্নতি হয়েছে? কারণ বেঙ্গালুরুর জোট বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যতই রাহুল গান্ধির প্রশংসা করুক।

আরও পড়ুন  মাছ ধরতে যাওয়ার পথে ভয়াবহ বিমান দুর্ঘটনা, প্রাণ হারালেন ১৩ জন

সূত্রের খবর, আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্য থেকে মাত্র দুটি আসন কংগ্রেসকে ছাড়তে রাজি তৃণমূল। রাজ্যেও তৃণমূলের সঙ্গে জোট করার ব্যাপারে অনীহা প্রকাশ করেছে প্রদেশ কংগ্রেসের একটি বড় অংশ। পঞ্জাবেও আগামী দিনে একলা চল নীতি গ্রহণ করেছে কংগ্রেস ও অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। দিল্লির চিত্রটিও আলাদা নয়। এই পরিস্থিতিতে আসন্ন নির্বাচনে আসন সমঝোতা নিয়ে বেশ চাপে ইন্ডিয়া জোটের শরিকরা। রবিবারে সনিয়া-রাহুল দুজনেই জোটকে মজবুত করতে রাজ্য নেতৃত্বকে কড়া নির্দেশ দেন।

জানা গিয়েছে, আলাদা ভাবে এই তিন রাজ্যের নাম উল্লেখ করেননি তাঁরা। দলের পর্যালোচনায় দেখা গিয়েছে বাকি রাজ্যগুলিতে জোট বা আসন সমঝোতা নিয়ে খুব একটা সমস্যা নেই। জেডিইউ, আরজেডি, ডিএমকে, শিবসেনা (উদ্ধব গোষ্ঠী), জেএমএম-সহ প্রত্যেকটি দল জোট নিয়ে আন্তরিকতা দেখিয়েছে। এমনকি কেরালায় বাম ও কংগ্রেসের লড়াই হলেও কংগ্রেসের সঙ্গে জোট করা নিয়ে আন্তরিকতা দেখিয়েছে বাম নেতৃত্বও। তবে তৃণমূল কংগ্রেস ও আম আদমি পার্টির সঙ্গে জোট নিয়ে জটিলতা রয়েছে। এই পরিস্থিতিতে কংগ্রেস হাইকম্যান্ডের বার্তাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

About Post Author