Home » ‘জি-২০ সম্মেলনের মত স্পিকারদের নিয়ে পি-২০ সম্মেলনও হবে’, সংসদের বিশেষ অধিবেশনে বললেন প্রধানমন্ত্রী

‘জি-২০ সম্মেলনের মত স্পিকারদের নিয়ে পি-২০ সম্মেলনও হবে’, সংসদের বিশেষ অধিবেশনে বললেন প্রধানমন্ত্রী

সময় কলকাতা ডেস্ক, ১৮ সেপ্টেম্বরঃ সোমবার থেকে শুরু হল সংসদের বিশেষ অধিবেশন। আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত এই অধিবেশন চলবে। সংসদের বিশেষ অধিবেশনে মোট আটটি বিল পেশ করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। যার মধ্যে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত বিল থাকবে। এছাড়াও থাকবে অ্যাডভোকেটস বিল, ২০২৩, দ্য প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অব পিরিওডিকালস বিল, ২০২৩ এবং পোস্ট অফিস বিল, ২০২৩। এদিন বিশেষ অধিবেশন শুরু আগে আত্মবিশ্বাসী মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানালেন, ২০৪৭ সালের মধ্যেই ভারতকে উন্নত দেশ হিসাবে গড়ে তুলতে চাইছেন তিনি। বিশেষ অধিবেশনের শুরুতেই তিনি বলেন, ‘এই অধিবেশন আয়তনে ছোট হলেও খুবই গুরুত্বপূর্ণ। একাধিক ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে এই বিশেষ অধিবেশনে।

এরপরই পুরনো সংসদ ভবন প্রসঙ্গে আবেগঘন হয়ে মোদি বলেন, ইতিহাসকে স্মরণ করে আমরা এই ঐতিহাসিক ভবন থেকে বিদায় নিচ্ছি। পুরনো ভবন আগে ইমপেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল ছিল। স্বাধীনতার পরে তা সংসদে পরিণত হয়। ব্রিটিশরা সংসদ তৈরির সিদ্ধান্ত নিলেও, আমরা গর্বের সঙ্গে বলতে পারি এই সংসদ গঠনের শ্রম, অর্থ, বল আমাদের দেশবাসীর ছিল। এই ৭৫ বছরে সবথেকে বড় সাফল্য হল গণতন্ত্র, সংসদের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস বেড়েছে। আমাদের এই বিশ্বাস সর্বদা ধরে রাখতে হবে। এই সংসদ ভবনে সন্ত্রাসবাদী হামলাও হয়েছে। যারা জনপ্রতিনিধিদের রক্ষা করতে নিজেদের বুকে গুলি খেয়েছিলেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানাই। নতুন সংসদ ভবনে আমরা যাব ঠিকই, কিন্তু এই ভবনও আগামী প্রজন্মকে প্রেরণা দেবে। ’

আরও পড়ুন    মণিপুরে নিজের গ্রামে ছুটিতে থাকা সেনা জওয়ানকে অপহরণ করে খুন

ভাষণ  রাখতে গিয়ে প্রধানমন্ত্রী  বলেন, জি-২০ সম্মেলনের মত স্পিকারদের নিয়ে পি-২০ সম্মেলনও হবে। এরপরই প্রধানমন্ত্রী নিজের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগঘন হয়ে বলেন, ‘প্রথমবার আমি যখন সাংসদ হয়েছিলাম, তখন সকলে আমায় আশীর্বাদ করেছিলেন। আজ সেই মুহূর্তগুলি খুব মনে পড়ছে। রেলস্টেশনে রাত কাটানো একটি গরিব শিশু সংসদে কখনো আসতে পারবে, তা কখনও ভাবতেও পারিনি। জনগণের এত ভালবাসা পাব, আমি কখনও ভাবিনি।’ এদিন সংসদ ভবনে প্রধানমন্ত্রী চন্দ্রযান-৩ সাফল্য প্রসঙ্গে বিজ্ঞানীদের কোটি কোটি অভিনন্দন জানান। তিনি বলেন, ‘চন্দ্রযান-৩ এর সাফল্যে শুধু দেশ নয়, গোটা বিশ্বে আমাদের জয়জয়কার। নতুন প্রযুক্তির সাহায্যে এবং আমাদের বৈজ্ঞানিকদের দক্ষতায় গোটা বিশ্বে প্রভাব ফেলতে পেরেছি আমরা। সমস্ত বিজ্ঞানীদের কোটি কোটি অভিনন্দন জানাই।’

About Post Author