Home » রানিনগর পঞ্চায়েতে স্থায়ী সমিতির নির্বাচনে নয়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

রানিনগর পঞ্চায়েতে স্থায়ী সমিতির নির্বাচনে নয়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

সময় কলকাতা ডেস্ক, ২০ সেপ্টেম্বরঃ মুর্শিদাবাদের রানিনগর পঞ্চায়েতে স্থায়ী সমিতির বোর্ড গঠন নিয়ে তৃণমূল ও কংগ্রেসের দ্বন্দ্ব চরমে উঠেছে। এহেন পরিস্থিতিতে মুর্শিদাবাদের রানিনগর পঞ্চায়েত সমিতির স্থায়ী নির্বাচন কবে করা সম্ভব? তা জানতে রাজ্যের কাছে হলফনামা তলব করেছিল কলকাতা হাইকোর্ট। গত শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানি ছিল। ১৯ সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছিল বিচারপতি অমৃতা সিনহা। এরপরই মঙ্গলবার রানিনগরের ঘটনায় নয়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মুর্শিদাবাদের রানিনগর-২ ব্লকে পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটির নির্বাচনের দিন কংগ্রেসের জয়ী সভাপতিকে জেল থেকে এনে ভোটদানের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি, সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির বাকি ৬ কংগ্রেস সদস্য, যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত তাঁদের বিরুদ্ধেও কোনও ব্যবস্থা গ্রহণ করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী ২৭ সেপ্টেম্বর রানিনগর-২ পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির নির্বাচন করার নির্দেশ দিয়েছে আদালত। ২৯ তারিখ মামলার পরবর্তী শুনানি। সেদিন স্থায়ী সমিতির নির্বাচন সংক্রান্ত রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

আরও পড়ুন    পেত্রাতোসের জোড়া গোল, ওড়িশাকে হারিয়ে এএফসি কাপে অভিযান শুরু মোহনবাগানের

এর আগে মুর্শিদাবাদের রানিনগর পঞ্চায়েতে স্থায়ী সমিতির বোর্ড গঠনে অর্ন্তবর্তী স্থগিতাদেশ নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এমনকী পঞ্চায়েতের স্থায়ী সমিতির নির্বাচনের কথা ঘোষণা করা হয়। পুলিশের তরফে এলাকায় ১৪৪ ধারা জারি করে নির্বাচনের প্রস্তুতিও নেওয়া হয়। এরপরই এদিন বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, যদি বোর্ড গঠন হয়ে যায়, তাহলেও ২০ সেপ্টেম্বরের আগে ওই সিদ্ধান্ত বাস্তবায়িত করা যাবে না। এরপর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছিল গত ১৪ সেপ্টেম্বর। হাইকোর্টের এই নির্দেশ নিয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, ‘বাংলার গণতান্ত্র এতটাই নীচে চলে গিয়েছে যে একটা বোর্ড গঠনের জন্যও আদালতকে হস্তক্ষেপ করতে হচ্ছে। তৃণমূল কংগ্রেস একটা ভোটেও জিততে না পারলে মানবিকতার বিরুদ্ধে দাঁড় করাচ্ছে। সংবিধানকে অমর্যাদা করছে। এরপর যদি তৃণমূলের শিক্ষা না হয়,তাহলে আমাদের দুর্ভাগ্য।’

উল্লেখ্য, মুর্শিদাবাদের রানিনগর পঞ্চায়েত সমিতির মোট আসন সংখ্যা ২৭। এর মধ্যে বাম-কংগ্রেস জোট জয়ী হয় ১৪টি আসনে। যার মধ্যে সিপিএম ৪, কংগ্রেস ৯ এবং আরএসপি ১টি আসনে জয়ী হয়। এরপরই বাম কংগ্রেস জোটের তরফ থেকে সভাপতি করা হয় কংগ্রেসের কুদ্দুস আলিকে। গত সপ্তাহের শুক্রবার রাতেই মুর্শিদাবাদের রানিনগর পঞ্চায়েত স্থায়ী সমিতি গঠন নিয়ে তৃণমূল ও কংগ্রেসের দ্বন্দ্ব চরমে ওঠে। এরপরই রানিনগর থানায় চড়াও হয় কংগ্রেস কর্মীরা। থানায় ভাঙচুর, এমনকী আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। ভাঙচুর-অগ্নিসংযোগে রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা। ঘটনায় প্রায় ৩৬ জনকে গ্রেফতার করা হয়। এমনকী থানায় অশান্তির ঘটনায় পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলিকেও গ্রেফতার করা হয়েছে। যদিও অশান্তির ঘটনার পরই থানায় গিয়ে ক্ষমা চান কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। কংগ্রেসের তরফে তৃণমূলের জোর খাটানোর অভিযোগও তোলা হয়।

About Post Author