সময় কলকাতা ডেস্ক, ২৭ সেপ্টেম্বর: রাজ্যে ভয়াবহ আকার নিচ্ছে ডেঙ্গি পরিস্থিতি। কলকাতায় ফের ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল এক মহিলার। দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণী এলাকার বাসিন্দা প্রিয়া রায় ডেঙ্গি উপসর্গ নিয়ে সোমবার রাতে এমআর বাঙুরে ভর্তি হয়েছিলেন। মঙ্গলবার সেখানেই ওই ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়। জানা গিয়েছে, বাঁশদ্রোণীর খানপুরের বাসিন্দা প্রিয়া কয়েকদিন আগেই প্রবল জ্বরে আক্রান্ত হন। তারপর পরীক্ষা করাতেই ডেঙ্গি ধরা পড়ে। বাড়িতেই চিকিৎসা চলছিল তাঁর। প্রথমে রক্তের প্লেটলেট ঠিকই ছিল। কিন্তু পরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। হাসপাতাল সূত্রে খবর, সোমবার রাতে প্রিয়াকে ভর্তি করা হয়। সে সময় তাঁর শরীরে ডেঙ্গি লক্ষণ ছিল। বেশ কয়েকটি অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে গিয়েছিল। আইসিইউতে ভর্তি করে ট্রিটমেন্ট শুরু করা হয়।

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় প্রিয়ার। চিকিৎসকরা জানান, বাড়িতে রোগীর পর্যবেক্ষণ ঠিক করে হয়নি। যখন হাসপাতালে আনা হয় তখন আর কিছুই করার ছিল না। প্লেটলেট অনেকেই নেমে গিয়েছিল। এদিকে, রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হওয়ায় মঙ্গলবার সকালে ২২ জন বিজেপি বিধায়ককে নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে উপস্থিত হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও তাঁদেরকে নিরাপত্তারক্ষী ও পুলিশকর্মীরা গেটের বাইরেই আটকে দেন। স্বাস্থ্য ভবনে শুভেন্দুরা ঢুকতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। কার্যত দুই পক্ষের মধ্যে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। তাঁদের দাবি, ডেঙ্গি পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যসচিবকে চিঠি ও প্রস্তাব দিতে এসেছিলেন।
আরও পড়ুন ধুপগুড়ির বিধায়কের শপথ নিয়ে টানাপোড়েন, মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপাল বোসের
এদিন শুভেন্দুরা জানতে চেয়েছিলেন, রাজ্যে কেন এত ডেঙ্গি বাড়ছে? প্রশাসন কী কী ব্যবস্থা নিচ্ছে? কিন্তু পুলিশ তাঁদের আটকে দেওয়ায় স্বাস্থ্য ভবনের গেটের বাইরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন। একইসঙ্গে সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। তারপরই বিজেপি বিধায়করা একে একে প্রিজন ভ্যানে উঠে পড়েন। ইতিমধ্যেই রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি সামাল দিতে বিদেশ সফর সেরে রাজ্যে ফিরেই সাংবাদিকদের নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এদিন বৈঠক শেষেই মুখ্যসচিব জানান, প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। ১৩০টি জায়গাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। সারা রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা এখন ২ হাজার। তবে ডেঙ্গি কমছে। এদিনের সাংবাদিক বৈঠকে রাজ্যের মানুষকে সচেতন হতে বলেন মুখ্যসচিব। সেইসঙ্গে মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকারও বার্তা দেন তিনি।


More Stories
তারাতলা বিপর্যয় কাণ্ডে ববি হাকিমের গ্রেফতারের দাবি
মৃত্যু মিছিলে মৃতের সংখ্যা বেড়ে ১৫ এবং কালীর “কালা কার্তুত!”
গভীর বিপাকে অরূপ বিশ্বাস, খুনের চেষ্টার অভিযোগ দায়ের