Home » মুখ্যমন্ত্রীর নির্দেশের পর উত্তরবঙ্গ পরিদর্শনে যাচ্ছেন রাজ্যের মন্ত্রী অরুপ বিশ্বাস

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর উত্তরবঙ্গ পরিদর্শনে যাচ্ছেন রাজ্যের মন্ত্রী অরুপ বিশ্বাস

সময় কলকাতা ডেস্ক, ৭ অক্টোবর: লাগাতার বৃষ্টি এবং হড়পা বানে বিপর্যস্ত সিকিম সহ গোটা উত্তরবঙ্গ। লোনক হ্রদে ফাটল ধরতেই হড়পা বানের জেরে ভয়াবহ অবস্থা। বিপর্যস্ত সিকিমে বিস্তীর্ণ এলাকায় ধ্বংসলীলা চালিয়েছে তিস্তা। তারই মধ্যে লাচেনের কাছে অবস্থিত আরও একটি লেকে বিস্ফোরণের আশঙ্কা করা হচ্ছে। যেকোনও সময়ে এই হ্রদে ফাটল ধরতে পারে বলেই জানা গিয়েছে। সিকিম প্রশাসনের তরফে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। সিকিমের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন  বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এহেন পরিস্থিতি এবার মুখ্যমন্ত্রীর নির্দেশের পর উত্তরবঙ্গ পরিদর্শনে যাচ্ছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকার জন্য অরূপ বিশ্বাসকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে কালিম্পঙে হড়পা বানে বিধ্বস্ত পরিবারগুলির কঠিন সময়ে পাশে থাকবেন তিনি।

সূত্রের খবর, শনিবার দুপুরে বাগডোগরা বিমানবন্দর হয়ে কালিম্পঙের উদ্দেশে রওনা দেবেন মন্ত্রী অরূপ বিশ্বাস। ইতিমধ্যেই পাহাড়ের দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শন করে এসেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিকে, পাহাড়ের এই দুর্যোগের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে শুক্রবারই নবান্নে এসেছিলেন জিটিএ প্রধান অনিত থাপা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন তিনি। ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীও। সূত্রের খবর, জিটিএ প্রধান অনিত থাপার সঙ্গে ফোনে কথা হওয়ার পরই মন্ত্রী অরূপ বিশ্বাসকে উত্তরবঙ্গে পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা। অন্যদিকে, সিকিমের পরিস্থিতিতে ইতিমধ্যেই সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং-এর সঙ্গে ফোনেও কথা বলেছেন তিনি।

আরও পড়ুন   হাওয়া বদল! দক্ষিণবঙ্গে ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ

এবার সিকিমের পরিস্থিতি মোকাবিলা করতে রাজ্যের বিপর্যয় খাতে আগাম ৪৪ কোটি ৮০ লাখ টাকা অনুমোদন করল মোদি সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিপর্যয় মোকাবিলা তহবিলে রাজ্যের বরাদ্দ টাকা আগাম মঞ্জুর করেছেন। কেন্দ্রের তরফে বলা হয়েছে, পরিস্থিতি মোকাবিলায় সবরকম সাহায্য করা হবে। সাধারণ মানুষের কাছে যাতে যথাযথ ত্রাণ পৌঁছে দেওয়া যায় সেদিকে নজর রাখার কথাও বলা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রক ইতিমধ্যেই সিকিমের পরিস্থিতির ওপর নজরদারি চালানোর জন্য একটি আন্তঃমন্ত্রণালয় কেন্দ্রীয় কমিটি তৈরি করেছে। সেই কমিটির সদস্যরা শীঘ্রই ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করবেন। তারপর তাঁদের দেওয়া রিপোর্টের ভিত্তিতেই আরও কেন্দ্রীয় সহায়তা পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। সিকিম প্রশাসনের তরফে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। পর্যটকদেরও এই মুহূর্তে সিকিমে আসতে বারণ করা হয়েছে। শুধু তাই নয়, উত্তর সিকিমের বিশেষ কয়েকটি স্থানে যাওয়ার ব্যাপারেও নিষেধাজ্ঞা জারি করেছে সিকিম সরকার।

About Post Author