Home » ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলায় হিরানন্দানিকেও জিজ্ঞাসাবাদের দাবি মহুয়ার

ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলায় হিরানন্দানিকেও জিজ্ঞাসাবাদের দাবি মহুয়ার

সময় কলকাতা ডেস্ক, ১ নভেম্বর: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ইস্যুতে সরগরম দেশের রাজনীতি। ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগের তদন্তে গত বৃহস্পতিবারই মহুয়া মৈত্রকে ডেকে পাঠিয়েছিল লোকসভার এথিক্স কমিটি। একইসঙ্গে মূল অভিযোগকারী, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ও আইনজীবী জয় অনন্ত দেহদ্রাই-কে তলব করেছে এথিক্স কমিটি। আগামী ২ নভেম্বর, তাঁদের সশরীরে হাজিরাও দিতে বলা হয়েছে। একইসঙ্গে ব্যবসায়ী দর্শন হিরানন্দানি, যার থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে মহুয়া মৈত্রের বিরুদ্ধে, তাঁকেও জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন তৃণমূল সাংসদ। বুধবার এক্স হ্যান্ডেলে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র জানান, ২ নভেম্বর, প্যানেলের নির্দেশ মতো তিনি এথিক্স কমিটির সামনে হাজিরা দেবেন। একইসঙ্গে মহুয়া দাবি করেছেন, ব্যবসায়ী দর্শন হিরানন্দানি যিনি হলফনামায় দাবি করেছেন যে মহুয়ার বিরুদ্ধে সংসদের লগ ইন আইডি দিয়েছিলেন সংসদে প্রশ্ন করার জন্য, তাঁকেও যেন এদিন প্রশ্ন করা হয়।

টুইটে মহুয়া লেখেন, ‘ যেহেতু এথিক্স কমিটি মনে করেছে যে আমাকে পাঠানো সমন সংবাদমাধ্যমে প্রকাশ করা যায়, তাই আমার মনে হয় বৃহস্পতিবার শুনানির আগে এথিক্স কমিটির আমার চিঠি জনসমক্ষে প্রকাশ করা উচিত।’ অন্যদিকে, এথিক্স কমিটি মহুয়ার বিরুদ্ধে তথ্য জোগাড় করতে ইতিমধ্যেই তথ্য প্রযুক্তি মন্ত্রক এবং স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দিয়েছে। তৃণমূল সাংসদ কখন কোথায় ছিলেন, কোথা থেকে তাঁর সংসদীয় ই-মেইল অ্যাকাউন্টে তিনি লগ ইন করেছেন? এসব জানতেই এবার কেন্দ্রের কাছে বিশদ বিবরণ চেয়েছে সংসদীয় এথিক্স কমিটি। সেইসঙ্গে অমিত শাহের মন্ত্রক থেকে মহুয়ার সব বিদেশ সফরের তথ্যও জানতে চেয়েছে এথিক্স কমিটি। গত পাঁচ বছরে মহুয়া কতবার বিদেশে গিয়েছেন। বিদেশ যাওয়ার সময় সব নিয়ম মেনেছেন কিনা। সংসদকে তথ্য দিয়েছেন কিনা। সরকারকে নিজের গন্তব্য জানিয়েছেন কিনা, সব তথ্য চাইছে এথিক্স কমিটি।

আরও পড়ুন   রেশন দুর্নীতি মামলায় এবার ইডির নজরে খাদ্য দফতরের অফিসাররা

উল্লেখ্য, শিল্পপতি দর্শন হিরানন্দনীর থেকে উপহার এবং অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে। ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের এই অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত শুরু করে সংসদের এথিক্স কমিটি। চলতি সপ্তাহেই নিশিকান্ত এক্স হ্যান্ডলে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর চিঠি পোস্ট করে মহুয়ার বিরুদ্ধে তদন্তের কথা জানিয়েছিলেন। তার জবাবে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন মহুয়া। সেই পোস্টে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ লিখেছেন, ‘তাঁর বিরুদ্ধে তদন্তের প্রতিশ্রুতি দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর পাঠানো চিঠি জাল ডিগ্রিধারীর কাছে আছে শুনে খুশি হয়েছেন তিনি। অপেক্ষা করছেন স্বরাষ্ট্র মন্ত্রক এবং অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক কবে বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের ঘরে ফর্জি দুবের অবৈধ অনুপ্রবেশের তদন্ত করবে।’ যদিও নিশিকান্ত দুবের অভিযোগ ছিল, মহুয়া যখন ভারতে, তখন দুবাই থেকে তাঁর সংসদীয় আইডিতে লগইন করা হয়েছিল হিরানন্দনির তরফে। এতে বিঘ্নিত হয়েছে গোটা দেশের নিরাপত্তা। এ বিষয়ে ন্যাশনাল ইনফরমেটিকস সেন্টার-কে সমস্ত তথ্য প্রকাশ্যে আনতে হবে বলে দাবি জানিয়েছিলেন তিনি।

About Post Author