Home » ফের রেল দুর্ঘটনা, ব্যান্ডেল-কাটোয়া শাখায় লাইনচ্যুত মালগাড়ি

ফের রেল দুর্ঘটনা, ব্যান্ডেল-কাটোয়া শাখায় লাইনচ্যুত মালগাড়ি

সময় কলকাতা ডেস্ক,  ৯ ডিসেম্বরঃ ব্যান্ডেল-কাটোয়া শাখায় লাইনচ্যুত মালগাড়ি। ব্যান্ডেল-কাটোয়া শাখায় ট্রেন চলাচলে বিভ্রাট। ঘটনাস্থলে রেলের আধিকারিক এবং রেল পুলিশেরা। যদিও এই ঘটনায় তেমন ভাবে ব্যাহত হয়নি রেল চলাচল। রেল সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোট পাঁচটা নাগাদ ব্যান্ডেল কাটোয়া শাখায়  রংপাড়ার কাছে একটি মালগাড়ির সংস্কারের কাজ চলছিল। সেই সময় মালগাড়িটির পেছনের বগির একটি চাকা ট্র্যাক থেকে সরে যায়। এরপরেই ঘটে যায় বিপত্তি। বিকট আওয়াজ হয় ঘটনার  পরই। ঘটনাস্থলে পৌঁছেছে রেলের পদস্থ কর্তারা। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজ চলছে।
অন্যদিকে,  এই ঘটনার পরই এদিন সাময়িকভাবে কালনা কাটোয়া রুটে আপ এবং ডাউন শাখায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। অন্য লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চলে।  খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় আরপিএফ ও জিআরপি। এছাড়াও তৎক্ষনাৎ ঘটনাস্থলে যান রেলের ইঞ্জিনিয়াররা। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। কালনার স্টেশন মাস্টার অবশ্য জানান, ট্রেন চলাচল বিঘ্নিত নয়। পুরোপুরি তা স্বাভাবিক। তবে, এদিন মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল? কাজ চলাকালীন কোনও গাফিলতি ছিল কিনা?  ইতিমধ্যেই সেসব কারণ খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।
উল্লেখ্য, এর আগে গত বুধবারই টিকিয়াপাড়া কারশেডের কাছে লাইনচ্যুত হয়ে যায় লোকাল ট্রেন। ব্যাপক চাঞ্চল্য স্টেশন চত্বরে। কি ভাবে এই দুর্ঘটনা ঘটলো তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। ঘটনাস্থলে পৌঁছয় রেলের আধিকারিক এবং রেল পুলিশেরা। যদিও এই ঘটনায় ওইদিন তেমন ভাবে ব্যাহত হয়নি রেল চলাচল। রেল সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল ৮টা ৫৫ মিনিট নাগাদ বাগনান-হাওড়া লোকাল প্ল্যাটফর্মে ঢোকার আগে চাঁদমারি ব্রিজের কাছে হাওড়াগামী ইএমইউ লোকাল ট্রেনটির পেছনের চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এই ঘটনায় লোকাল ট্রেনের যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

About Post Author