সময় কলকাতা ডেস্ক, ২৭ জানুয়ারিঃ মেডিক্যাল কলেজে ছাত্র ভর্তি মামলায় হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের। শনিবারই গোটা মামলার শুনানি চলে সুপ্রিম কোর্টে। এদিন বেলা সাড়ে ১০টা থেকে শুনানি শুরু হয়েছে। আদালতে ছুটির দিনেই এই বিশেষ বেঞ্চ বসে। প্রধান বিচারপতি সহ পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চে শুনানি হয় মামলার। পাঁচ বিচারপতির বেঞ্চে রয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বিআর গাভাই, বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি অনিরুদ্ধ বসু।
আরও পড়ুন বঙ্গে শীতের ঝোড়ো ইনিংস শুরু, তারই মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের বৃষ্টির ভ্রুকুটি
গত বুধবার মেডিক্যালে ছাত্র ভর্তিতে দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার কিছুক্ষণের মধ্যেই ডিভিশন বেঞ্চে এই মামলায় স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি সৌমেন সেন। এমনকী খারিজ করে দেওয়া হয় সিবিআইয়ের এফআইআরের নির্দেশ। এরপরেই ডিভিশন বেঞ্চের এই নির্দেশের কিছু ত্রুটি নিয়ে পাল্টা প্রশ্ন তোলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি তাঁর নির্দেশনামায় বিচারপতি সৌমেন সেন সম্পর্কে একাধিক অভিযোগও তোলেন। এমনকি বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল, তা-ও তিনি কার্যকর হবে না বলে জানিয়ে দেন। এরপরই এই মামলার তদন্তভার তুলে দেন সিবিআইকে।
আরও পড়ুন PADMA AWARD: এক নজরে দেখে নেওয়া যাক কোন ক্রীড়াবিদরা পেলেন এ বারের পদ্ম পুরস্কার
বৃহস্পতিবার ফের একবার ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে রাজ্য। দেখা যায় শিক্ষা সংক্রান্ত মামলা বিচারপতি সৌমেন সেনের বেঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ওই রাতেই নির্দেশিকা জারি করে হাইকোর্ট জানায়, সোমবার থেকে শিক্ষা সংক্রান্ত মামলার শুনানি হবে অন্য ডিভিশন বেঞ্চে। প্রসঙ্গত, ডাক্তারি পড়ুয়াদের ভর্তির ক্ষেত্রে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে একটি ভুয়ো জাতিগত শংসাপত্র মামলা উঠেছিল। সেই মামলায় তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অন্যদিকে, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এই মামলায় ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছিল। এরপর মৌখিকভাবেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ।


More Stories
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
বিশেষ চাহিদাসম্পন্নদের ভালোবাসায় মুগ্ধতার বিশেষ প্রয়াস