সময় কলকাতা ডেস্ক, ৫ ফেব্রুয়ারিঃ জঙ্গি হামলায় ফের রক্তাক্ত পাকিস্তান। সোমবার ভোরবেলায় খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি থানায় হামলা চালায় ৩০ জন জঙ্গি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১০ পুলিশকর্মীর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। গুরুতর আহত আরও ৪। পাক পুলিশ সূত্রে খবর, ডেরা ইসমাইল খান জেলার চৌধান থানায় একযোগে হামলা চালায় ৩০ জন জঙ্গি। তিনদিক থেকে তিনটি দলে ভাগ হয়ে হামলা চালায় তারা। প্রায় আড়াই ঘণ্টা ধরে পুলিশের সঙ্গে ওই জঙ্গিদের গুলির লড়াই চলে। শেষ পর্যন্ত জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় ১০ জন পুলিশকর্মীর। হামলাকারী জঙ্গিদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি চালাচ্ছে পাক পুলিশ।
জানা গিয়েছে, সোমবার ভোর থেকে ওই ঘাঁটির দখল নিয়েছে জঙ্গিরা। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই খাইবার পাখতুনখোয়া প্রদেশে ব্যাপক নাশকতা চালিয়েছে পাক তালিবান-সহ একাধিক জঙ্গিগোষ্ঠী। দেশের সাধারণ নির্বাচন ঘোষণা হতেই আরও বেড়েছে তাদের নাশকতা। চারদিন আগেই নির্বাচনী প্রচারে বেরিয়ে খুন হয়েছেন ইমরান খানের দলের নেতা রেহান জাইব খান। খাইবার পাখতুনখোয়ার সিদ্দিকাবাদ ফটক বাজার এলাকায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন তিনি। সেই মিছিলেই অজ্ঞাতপরিচয় আততায়ীরা তাঁকে গুলিতে ঝাঁঝরা করে পালিয়ে যায়। গুলিতে আহত হন আরও তিন পিটিআই সমর্থক।
প্রসঙ্গত, এর আগে গত ডিসেম্বর মাসে উত্তর-পশ্চিম পাকিস্তানের একটি পুলিশ স্টেশনে আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, খাইবার পাখতুনখোয়ার প্রদেশের ডেরা ইসমাইল খান এলাকার থানায় ঢুকে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। জঙ্গিদের নিকেশ করতে পাল্টা আক্রমণ শুরু করে পাক নিরাপত্তাকর্মীরা। বোমা বিস্ফোরণের ঘটনায় ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। আহত হয়েছেন একাধিক। পাক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়ার প্রদেশে হামলার ঘটনাটি ঘটেছিল। যদিও হামলার দায় স্বীকার করে নিয়েছে পাকিস্তানের অন্যতম সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই-জিহাদ।


More Stories
স্পেনের সীমান্তে মরোক্কোর অনুপ্রবেশকারী ও অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুমিছিল অব্যাহত
বিশ্বকাপে ইতালির ট্র্যাজিক নায়ক ফ্রাঙ্কো বারেসি প্রয়াত
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা