Home » Paul Pogba: ডোপিংয়ের দায়ে দোষী সব্যস্ত, চার বছরের জন্য নির্বাসিত প্রাক্তন বিশ্বকাপজয়ী ফুটবলার

Paul Pogba: ডোপিংয়ের দায়ে দোষী সব্যস্ত, চার বছরের জন্য নির্বাসিত প্রাক্তন বিশ্বকাপজয়ী ফুটবলার

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১ মার্চ: আশঙ্কা সত্যি হল। বড় শাস্তির মুখে পল পোগবা। তাঁকে চার বছরের জন্য নির্বাসিত করা হয়েছে। বর্তমানে ইতালির ক্লাব জুভেন্টাসের হয়ে খেলেন পোগবা। ফ্রান্সের হয়ে ২০১৮ সালে ফিফা বিশ্বকাপ জিতেছিলেন। এবার ডোপিংয়ের দায়ে ফুটবল জীবন সঙ্কটে পড়ে গেল প্রাক্তন ম্যানচেস্টার ইউনাইটেড তারকার।

গত বছর সেপ্টেম্বরে পোগবার বিরুদ্ধে নিষিদ্ধ ওষুধ নেওয়ার অভিযোগ ওঠে। গত বছরের অগষ্ট মাসে পোগবার দল জুভেন্টাস মুখোমুখি হয় উদিসেনের। চোটের কারণে সেই ম্যাচে খেলতে পারেননি পোগবা। তবে ১৮ জনের দলে ছিলেন। ডাগআউটে বসেই দলের ৩-০ গোলে জয় উপভোগ করেছিলেন। ওই ম্যাচে পোগবার বিরুদ্ধে ডোপিংয়ের গুরুতর অভিযোগ ওঠে। তার নমুনায় অতিরিক্ত মাত্রায় টেস্টোস্টেরন পাওয়া যায়।  ফ্রান্সের তারকা ফুটবলারকে সাময়িকভাবে নির্বাসিত করেছিল ইটালির অ্যান্টি-ডোপিং ট্রাইবুন্যাল। অক্টোবর মাসে ফের তার ডোপিং পরীক্ষা হয়। সেখানেও ফল ছিল পজিটিভ। যদিও নিষিদ্ধ ওষুধ ব্যবহারের কথা অস্বীকার করেন প্রাক্তন বিশ্বকাপজয়ী তারকা।তিনি নিজেকে নির্দোষ প্রমাণে জন্য আরও একবার আবেদন করেন।সেই পরীক্ষাতেও ফল আসে পজিটিভ। তারকা ফুটবলারের রক্তে একধরনের নিষিদ্ধ পদার্থ পাওয়া গিয়েছে বলে জানা যায়।সেই পদার্থ সাধারণত ব্যবহার করা হয় শরীরে বিভিন্ন ধরনের পারফরম্যান্স বৃদ্ধিতে।তার পরেই ফুটবলারকে চার বছরের জন্য নির্বাসিত করার সিদ্ধান্ত নিয়েছে ইটালির অ্যান্টি ডোপিং আদালত। তবে পোগবার কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করার সুযোগ এখনও রয়েছে। সেক্ষেত্রে সুইস কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টসে আবেদন করতে হবে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তন তারকাকে।

আরও পড়ুন: Mohammedan SC: ড্র করেও আই লিগের শীর্ষে মহামেডান স্পোর্টিং

ঘটনার পর থেকে কোনও বিবৃতি দেয়নি পোগবার ক্লাব জুভেন্টাস। ইটালির খবর মাধ্যমের সূত্র বলছে বিগ পলকে নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে ক্লাব। পোগবার বর্তমান বয়স ৩০ বছর। নির্বাসনের সিদ্ধান্ত বহাল থাকলে তা ওঠার সময় ফুটবলারের বয়স হবে ৩৪। তখন কি আবার বাহারী চুলে মাঠ কাঁপাতে দেখা যাবে ডান পায়ের শিল্পী ফুটবলারকে। নাকি, ফুটবলের ট্র্যাজিক নায়ক হয়ে শেষ হবে তার ক্যারিয়র। উত্তর মিলবে সময়ে।

About Post Author