সময় কলকাতা ডেস্ক, ১৯ মার্চ: লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে তত বাড়ছে শাসক বিরোধী তরজা। কখনও ক্যামেরার সামনে, আবার কখনও সমাজ মাধ্যমকে আক্রমণের হাতিয়ার হিসেবে বেছে নিচ্ছে যুযুধান দুই পক্ষ। সেই আক্রমণের সিংহভাগ জুড়ে রয়েছে ‘পরিবার’। পরিবারতন্ত্র নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলিকে নিশানা করছে কেন্দ্রের প্রধান শাসক দল বিজেপি। পাল্টা বিরোধী শিবির থেকে ‘প্রধানমন্ত্রীর পরিবার’ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। উত্তর দিতে বিলম্ব করেননি স্বয়ং প্রধানমন্ত্রী। তিনি সমগ্র দেশবাসীকে তার পরিবার বলে সম্বোধন করেছেন। তিনি বলা মাত্র বিজেপির বড়, মেজ, সেজ মাপের নেতা-কর্মীরা তাঁদের এক্স হ্যান্ডেলে নিজেদের “মোদি কা পরিবার” বলে দাবি করছেন। সেই ‘পরিবার’কে হাতিয়ার করে এবার প্রধানমন্ত্রীকে বেনজির আক্রমণ করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সেখানে দাবি করা হয়েছে মোদির পরিবার দাগী অপরাধীদের পরিবার। এরাজ্যে বিজেপি প্রার্থীদের মধ্যে ৫০ শতাংশের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে বলেও সরব রাজ্যের শাসক দল।

মঙ্গলবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডল থেকে একটি পোস্টের সিরিজ প্রকাশ করা হয়। প্রথম পোস্টে লেখা রয়েছে, “বাংলায় কাদের নিয়ে মোদির পরিবার?” পরের পোস্টগুলিতে তৃণমূলের পক্ষ থেকে তার উত্তরও দেওয়া হয়েছে। লেখা হয়েছে, “দাগী অপরাধীদের নিয়ে তৈরি মোদির পরিবার”। তবে শুধু আক্রমণে ক্ষান্ত থাকেনি ঘাসফুল শিবির। পরের পোস্টগুলিতে নিজেদের বক্তব্যের সমর্থনে প্রমাণ ও পরিসংখ্যানও দিয়েছে তারা। কী রয়েছে সেই পোস্টে? বিজেপি এরাজ্যে মোট ১৯ কেন্দ্রে নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। যাদের প্রার্থী করা হয়েছে তাদের ছবি দিয়ে কার বিরুদ্ধে, ক’টা ফৌজদারী মামলা রয়েছে সেই তালিকা প্রকাশ করা হয়েছে। যেমন বিদায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকে ছবি রয়েছে। নিচে লেখা তার বিরুদ্ধে রয়েছে মোট ৪৪টি মামলা। হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রয়েছে ৫৯ টি মামলা। বনগাঁর বিদায়ী সাংসদ ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে রয়েছে ৩৮ টি মামলা। বিষ্ণুপুরের বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে রয়েছে ২২ টি মামলা। মুর্শিদাবাদের বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষের বিরুদ্ধে রয়েছে ২৩টি মামলা। এছাড়াও তালিকায় রয়েছে খগেন মুর্মু, মনোজ টিগ্গা, অভিনেতা তথা বিজেপি নেতা হিরণ চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতদের নাম।
Kaun hai #ModiKaParivar?
CRIMINALS, CRIMINALS! pic.twitter.com/MCY0KGdFPp
— All India Trinamool Congress (@AITCofficial) March 19, 2024
আরও পড়ুন: Vivek Sahay IPS: রাজ্য পুলিশের নতুন ডিজি বিবেক সহায়, জারি হল বিজ্ঞপ্তি
এই তালিকা প্রকাশের পর রাজ্যের শাসকদলকে পাল্টা আক্রমণে বিঁধেছে বিজেপি। তাদের দাবি, তৃণমূলের উচিৎ প্রথমে নিজের আয়নায় মুখ দেখা। পাশাপাশি মামলার পিছনে ‘দলদাস পুলিশের’ হাত দেখছে বিজেপি শিবির।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?