সময় কলকাতা ডেস্ক, ২২ মার্চঃ শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে শুক্রবার সকাল থেকে ফের তেড়েফুঁড়ে ময়দানে নেমেছে ইডি। কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে তাঁরা। এবার নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত রাজ্যের অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ আরও এক মন্ত্রীর বাড়িতে পৌঁছেছে কেন্দ্রীয় সংস্থা। এদিন সকালে বোলপুরের বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়িতে গেছেন ইডি আধিকারিকরা। সূত্রের খবর, গরুপাচার ও নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের স্বার্থেই এই হানা।
আরও পড়ুন নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে রাজ্যের মুখ্যসচিব বি পি গোপালিকাকে নোটিস কলকাতা হাইকোর্টের
দীর্ঘদিন ধরেই গরুপাচার ও নিয়োগ দুর্নীতি মামলায় উঠে আসছিল রাজ্যের এই মন্ত্রীর নাম। ২ বার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে তলবও করে। তিনি হাজিরাও দিয়েছিলেন বলে খবর। শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ বেশ কয়েকটি গাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছে যান চন্দ্রনাথ সিনহার নিচুপট্টি এলাকার বাড়িতে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে ফেলেন গোটা বাড়ি। তবে, মন্ত্রী বাড়িতে ছিলেন না। এদিন তাঁর পরিবারের কাছ থেকে কিছু তথ্য জানতে চেয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত যত এগোচ্ছে, ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। এবার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় রাজ্যের মুখ্যসচিব বি পি গোপালিকাকে নোটিস পাঠাল কলকাতা হাইকোর্ট। ওই মামলায় গ্রেফতার হওয়া সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া কতদিনে শুরু করা যাবে, তা জানতে চেয়ে মুখ্যসচিবকে নোটিস পাঠিয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচি। জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে রাজ্যের একাধিক সরকারি আধিকারিকের নাম উঠে এসেছে। তাঁদের হেফাজতেও নেওয়া হয়েছে। কিন্তু সরকারি অনুমোদনের অভাবে ওই আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। আগামী ৩ এপ্রিলের মধ্যে মুখ্যসচিবের কাছে এ সংক্রান্ত রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। সময়সীমার মধ্যে রিপোর্ট জমা না দিলে রাজ্যের মুখ্যসচিবকে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ।
#Chandranath Sinha
#latestbengalinews


More Stories
আই-প্যাকের ডিরেক্টর ভিনেশ চান্দেলকে গ্রেফতার করল ইডি
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ