সময় কলকাতা ডেস্ক: ১৭ জুনঃ লোকসভা ভোট মিটতে না মিটতেই ফের রাজ্যে বেজে গিয়েছে বিধানসভা উপনির্বাচনের দামামা । আগামী ১০ জুলাই মানিকতলা-সহ রাজ্যের ৪ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এই চারটি কেন্দ্র হল, নদিয়ার রানাঘাট দক্ষিণ, কলকাতার মানিকতলা, উত্তর ২৪ পরগনার বাগদা এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। এই চার কেন্দ্রের জন্য আগেই প্রার্থীদের নাম ঘোষণা করেছিল তৃণমূল। এবার উপনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। গেরুয়া শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, মানিকতলা কেন্দ্রে প্রার্থী হবেন কল্যাণ চৌবে , বাগদার প্রার্থী বিনয় কুমার বিশ্বাস, রানাঘাট দক্ষিণে প্রার্থী মনোজ কুমার বিশ্বাস এবং রায়গঞ্জের প্রার্থী মানস কুমার ঘোষ।
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের পর রাজ্যে চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, ২১ জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ২৪ জুন স্ক্রুটিনি হবে। ১০ জুলাই ভোট হবে। ১৩ জুলাই ভোটের গণনা। ১৭ জুলাইয়ের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে বলে জানিয়েছে কমিশন।
এর আগে গত ১৪ জুন উপনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল তৃণমূল। তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল এক্স হ্যান্ডলে প্রার্থীদের নাম জানানো হয়েছিল। রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। রানাঘাট দক্ষিণ কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী হলেন মুকুটমণি অধিকারী, মানিকতলা কেন্দ্রের প্রার্থী সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে, বাগদা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী হলেন মধুপর্ণা ঠাকুর।
উল্লেখ্য, ২০২১ সালে বিধানসভা নির্বাচনের পর ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রয়াত হন মানিকতলার তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডে। সেই থেকে মানিকতলা কেন্দ্রটি বিধায়ক শূন্য। ১৯৫১ সালের আইন অনুযায়ী, কোনও জনপ্রতিনিধির মৃত্যু বা ইস্তফার কারণে কোনও আসনে শূন্য থাকলে ৬ মাসের মধ্যে উপনির্বাচন করাতে হবে। তবে মানিকতলার ক্ষেত্রে তা হয়নি। এর পেছনে রয়েছে আইনি জটিলতা। ২০২১-এর বিধানসভা নির্বাচনে সাধন পাণ্ডের বিরুদ্ধে বিজেপির প্রার্থী ছিলেন কল্যাণ চৌবে। নির্বাচনের পরপরই তিনি নির্বাচন প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেন। সেই মামলারই শুনানি চলাকালীন মুলতুবির দাবি করেন তাঁর আইনজীবী। এরপর বিষয়টি শীর্ষ আদালতে গেলে ভর্ৎসনার মুখে পড়তে হয় কমিশনকে।
#BJP
#Latestbengalinews
#WBAssemblyBy-Election2024


More Stories
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
ভাষা-সন্ত্রাস : মুখ্যমন্ত্রী বনাম বিজেপি
আইনশৃঙ্খলার পাঠ : বিহারের কাছে কি পশ্চিমবঙ্গকে শিখতে হবে ?