সময় কলকাতা ডেস্ক, ৭ আগস্ট : #হাসিনার দেশত্যাগ, সেনার শাসনের পরেও অগ্নিগর্ভ #বাংলাদেশ। দেশজুড়ে চলছে চরম নৈরাজ্য। হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের পরিস্থিতি দেখে উদ্বেগে গোটা বিশ্ব। এবার ছাত্রদের দাবিই মানল সেনা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডঃ মহম্মদ ইউনুস। #বঙ্গভবনে দীর্ঘ বৈঠকের পর এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলেই জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদীন। বিএনপি নেত্রী খালেদা জিয়াকে মুক্তির নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশজুড়ে চলছে পুলিশনিধন যজ্ঞ। হিংসায় মৃত্যু হয়েছে শতাধিক মানুষের। এহেন পরিস্থিতিতে অশান্ত বাংলাদেশে সেনাবাহিনীর পর পুলিশেও বড় বদল। আইজিপি পদে চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। নতুন আইজিপি হিসেবে নিযুক্ত হলেন মহম্মদ ময়নুল ইসলাম। মঙ্গলবার রাতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে এই নিয়োগের কথা জানান। ময়নুল এতদিন ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল ঢাকার কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আরও পড়ুন বাংলাদেশ ২০২৪ : গণভবন ছিনতাইবাজদের দখলে, অবাধ ও গণ-লুঠপাট, খুন নায়ক শান্ত খান
অশান্ত বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন দিল্লিও। দফায় দফায় উচ্চ পর্যায়ের বৈঠকের পর সংসদে বিবৃতি দিয়েছেন বিদেশমন্ত্রী জয়শংকর। বাংলাদেশের পরিস্থিতি ও সীমান্তে নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে এক প্রস্থর বৈঠক সেরেছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর।
এদিকে, হাসিনা সরকারের পতনের পরই বাংলাদেশে ফিরছেন বিএনপি-র বহু নেতা। সূত্রের খবর, বুধবার নয়াপল্টনে দুপুর দুটোয় সমাবেশ করবে বিএনপি। সেখানে প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তথা খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। অনলাইনে তিনি বক্তব্য রাখবেন বলেই জানা গিয়েছে। মঙ্গলবার বিএনপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-সহ জাতীয় নেতারা বক্তব্য রাখবেন। দলীর সূত্র জানা গিয়েছে, তারেক রহমান সমাবেশে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখবেন।
আরও পড়ুন বাংলাদেশে নতুন অধ্যায় : সংখ্যালঘুদের জানমাল রক্ষায় বিএনপির শান্তি কমিটি
প্রসঙ্গত, পড়ুয়াদের স্বতঃস্ফূর্ত আন্দোলনের জেরে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এই সংবাদে উল্লাসে মেতে ওঠে জনতা। বঙ্গভবন এবং সংসদ ভবনের দখল নেয় আন্দোলনকারীরা। এরপর সংখ্যালঘুদের নিয়ে আশঙ্কা তৈরি হয়। ছড়ায় নানা গুজব। এমন পরিস্থিতিতে সকলকে ‘শান্ত’ থাকার আহ্বান জানিয়েছেন সে দেশের একাধিক ধর্মগুরু।


More Stories
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক
সীমান্ত সমস্যা সমাধানে শুভেন্দু অধিকারীর ঘোষিত দ্রুত পদক্ষেপে কোন বার্তা?
আন্তর্জাতিক ভাষা দিবস : বাংলাদেশে পালাবদল ও বিতর্ক