সময় কলকাতা ডেস্ক, ৩০ আগস্ট : আরজিকরের ঘটনার প্রতিবাদে রাজ্য সহ গোটা দেশের বিভিন্ন প্রান্তে মিছিল -আন্দোলন অব্যাহত। পড়ুয়াদের পাশাপাশি রাজনৈতিক দলগুলিও প্রতিবাদ কর্মসূচি নিচ্ছে প্রায় প্রতিদিনই। এই ইস্যুতে এবার পথে নামছেন বুদ্ধিজীবী ও আইনজীবীদের একাংশ। আরজিকর কাণ্ডে মিছিলের অনুমতি চেয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বুদ্ধিজীবী-আইনজীবীরা। জানা গিয়েছে, আগামী ৩ সেপ্টেম্বর ‘তিলোত্তমার’ বিচারের দাবিতে মিছিল করতে চেয়ে কলকাতা পুলিশের কাছে অনুমোদন চেয়েছিল আইনজীবীরা। কিন্তু পুলিশ সেই অনুমোদন দেয়নি।
এদিন বুদ্ধিজীবী ও আইনজীবীদের একাংশ জানান, আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে আগামী ৩ সেপ্টেম্বর রবীন্দ্র সদন থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিলের আয়োজন করা হয়েছে। বিকেল তিনটের থেকে রাত আটটা পর্যন্ত এই মিছিল চলবে। কিন্তু কলকাতা পুলিশের কাছে অনুমোদন চাওয়া হলে তা দেয়নি। কার্যত সেকারণেই এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আইনজীবীরা। ইতিমধ্যেই মামলা দায়েরের অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। শুক্রবার দুপুর ২টোয় শুনানির সম্ভাবনা রয়েছে বলেই সূত্রের খবর।
এদিকে, আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্তে ইতিমধ্যেই তেড়েফুঁড়ে ময়দানে নেমেছে সিবিআই। আর্থিক দুর্নিতীর পাশাপাশি আরজিকরের সন্দীপ ঘোষ অধ্যক্ষ থাকাকালীন মর্গ থেকে দেহ লোপাট, আরজিকর হাসপাতালের জৈব বর্জ্য নিয়ে দুর্নীতি-সহ একাধিক অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার আরজিকর হাসপাতালের মর্গে হানা দিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। বৃহস্পতিবার সকালে আচমকাই আরজিকর হাসপাতালের মর্গে হাজির হন পাঁচ সদস্যের সিবিআইয়ের একটি প্রতিনিধি দল। এরপর মর্গের কর্মচারীদের সঙ্গে কথাবার্তা বলেন সিবিআই আধিকারিকরা। মর্গের বিভিন্ন তথ্য এবং নথিপত্র খতিয়ে দেখেন তাঁরা।
#RGkarHospital
#RGKARDoctorDeath
#Latestbengalinews
#Calcuttahighcourt
# RGKarcase


More Stories
মেসিকাণ্ড ঘিরে “কুৎসা”, ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন সৌরভ
আরজিকরের তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, নেপথ্যে কোন রহস্য ?
নাটকীয় দৃশ্য। সেনার ট্রাক আটকাল কলকাতা পুলিশ !