সময় কলকাতা ডেস্ক, ৩১ আগস্টঃ সোমবার কৌশিকী অমাবস্যা। সেক্ষেত্রে লক্ষাধিক পুণ্যার্থীর ভিড় হতে পারে তারাপীঠে। ইতিমধ্যেই শক্তিপীঠে পুজো দিতে দলে দলে ভিড় জমাচ্ছেন ভক্তরা। ভিড় সামাল দেওয়ার জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে তারাপীঠের মন্দির কমিটি থেকে শুরু করে জেলা প্রশাসন। তেমনই কৌশিকী অমাবস্যায় পুন্যার্থীদের যাতে তারাপীঠে যেতে অসুবিধা না হয় সেই জন্য স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। জানা গিয়েছে, আগামী ২ সেপ্টেম্বর থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত, তিনদিন চলবে এই ট্রেন। পুণ্যার্থীদের জন্য এই ট্রেনে সাধারণ দ্বিতীয় শ্রেণির কোচ থাকবে। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, হাওড়া থেকে রামপুরহাট ও রামপুরহাট থেকে হাওড়া পর্যন্ত এই বিশেষ ট্রেন চলবে। হাওড়া স্টেশন থেকে ভোর ৫টা ৪৫ মিনিটে ছাড়বে। রামপুরহাট পৌঁছবে সকাল ৯টা ৫০ মিনিটে। ওই দিনই রামপুরহাট থেকে বেলা ১১টা ৩২ মিনিটে ছেড়ে বিকাল ৩টে ৫৫ মিনিটে হাওড়া পৌঁছবে। যাওয়া ও আসার সময় এই বিশেষ ট্রেন সাঁইথিয়া, বোলপুর, গুসকরা,বর্ধমান,ব্যান্ডেল ও শেওড়াফুলি স্টেশনে দাঁড়াবে।
আরও পড়ুন ধর্ণা- মিছিল কর্মসূচির মাঝেই শনিবার থেকে চালু চার ঘন্টার টেলি মেডিসিন পরিষেবা
তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, ২ সেপ্টেম্বর অর্থাৎ ১৬ ভাদ্র সোমবার ভোর ৫টা ৫ মিনিটে পড়ছে অমাবস্যা তিথি। এদিন ভোর চারটেয় দেবীকে স্নান করানো হবে। তারপর হবে মঙ্গল আরতি।আর ১৭ ভাদ্র অর্থাৎ ৩ সেপ্টেম্বর শুক্রবার ভোর ৬.২৯ মিনিট পর্যন্ত থাকবে তিথি। তাই ভক্তদের জন্য সোমবার ও মঙ্গলবার সারারাত মন্দির খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কমিটি।
তারাপীঠ মন্দিরের ভিড় সামলাতে ইতিমধ্যেই নিরাপত্তারক্ষী বাড়ানো হয়েছে। বাঁশের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে মন্দির চত্বর। পাশাপাশি সিসিটিভি ক্যামেরা লাগানোরও কাজ চলছে। কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে শতাধিক সিসিটিভি এবং ওয়াচ টাওয়ার লাগানো হচ্ছে বলে জানা গিয়েছে। নজরদারি চলবে ড্রোন ক্যামেরা দিয়েও। পাশাপাশি, গোটা মন্দির চত্বর আলোকসজ্জায় সুসজ্জিত করা হচ্ছে। প্রতি বছরের মত এবছরেও বড় পর্দার মাধ্যমে ভক্তদের আরতি দেখার ব্যবস্থা করা হবে। নিরাপত্তা দিতে মোতায়েন রয়েছেন পুলিশকর্মীরা। সবমিলিয়ে কৌশিকী অমাবস্যার উৎসবকে ঘিরে সাজো সাজো রব তারাপীঠে।

কথিত আছে, সাধক ব্যামাক্ষ্যাপা ১২৭৪ বঙ্গাব্দে কৌশিকী অমাবস্যার দিন তপস্যায় সিদ্ধিলাভ করেন। তারাপীঠে শ্মশানের শ্বেত শিমূলতলায় সাধনা করেছিলেন সাধক ব্যামাক্ষ্যাপা। তাঁকে দেখা দেন মা তারা। সেই থেকে পালিত হয়ে আসছে কৌশিকী অমাবস্যা। এছাড়াও এই তিথিতে দেবী কালিকা কৌশিকী রূপে বিশেষ সন্ধিক্ষণে শুম্ভ ও নিশুম্ভ নামের অসুরদের দমন করেন।
#EasternRailway
#SpecialTrain
#Tarapith
#Kaushiki Amavasya


More Stories
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
ভাষা-সন্ত্রাস : মুখ্যমন্ত্রী বনাম বিজেপি
আইনশৃঙ্খলার পাঠ : বিহারের কাছে কি পশ্চিমবঙ্গকে শিখতে হবে ?