Home » আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্তে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে CBI-র হানা

আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্তে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে CBI-র হানা

রসময় কলকাতা ডেস্ক, ১২ সেপ্টেম্বর: আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্তে ইতিমধ্যেই তেড়েফুঁড়ে ময়দানে নেমেছে ইডি-সিবিআই। আর্থিক দুর্নীতিকাণ্ডে সন্দীপ ঘোষ গ্রেফতার হওয়ার পর থেকেই তাঁর ঘনিষ্ঠদের বাড়িতে দফায় দফায় তল্লাশি চালিয়ে একাধিক নথি উদ্ধার হয়েছে। এবার আর্থিক দুর্নীতির তদন্তে তৃণমূল বিধায়কের বাড়িতে হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের। বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক তথা আরজিকর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়ের সিঁথির মোড় সংলগ্ন বি টি রোডের বাড়িতে হানা দেয় সিবিআই আধিকারিকরা। সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনী জওয়ানরাও। ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকরা সুদীপ্ত রায়ের বাড়িতে ঢুকে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। পুরো বাড়ি কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে বলে খবর। একইসঙ্গে এদিন তৃণমূল বিধায়কের বাড়ি লাগোয়া নার্সিংহোমেও হানা দেন সিবিআইয়ের আধিকারিকরা।

আরও পড়ুন        আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্তে সন্দীপ ঘোষের পৈতৃক ভিটে-সহ শহরের তিন প্রান্তে ইডির হানা

এদিকে, আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্তে বৃহস্পতিবার সকালে একসঙ্গে শহরের তিন প্রান্তে তল্লাশি অভিযান শুরু করে ইডি। এদিন সাতসকালে চিনার পার্কে সন্দীপ ঘোষের পৈতৃক ভিটে, টালায় চন্দন লৌহের বাড়ি এবং কালিন্দীর একটি ওষুধের দোকানে চলছে তল্লাশি। জানা গিয়েছে, চিনার পার্কের এই বাড়িতে সন্দীপ ঘোষের বাবা সত্যপ্রিয় ঘোষ থাকতেন। এদিন বাড়ির চাবি না মেলায় দীর্ঘ এক ঘণ্টা অপেক্ষা করতে হয় তদন্তকারী আধিকারিকদের। পরবর্তী সময়ে চাবি নিয়ে এসে খুলে বাড়িতে প্রবেশ করে। তবে, এদিন শুধু সন্দীপ ঘোষের পৈত্রিক বাড়িতেই নয়, সন্দীপ ঘনিষ্ঠদের ডেরাতেও হানা দেয় ইডি। জানা গিয়েছে, কালিন্দীর হাউসিং কমপ্লেক্সের সি-২৮ নম্বর বাড়িতে রয়েছে অকটেন মেডিকেল-র অফিস। বছর দুই আগে থেকে এই অফিস শুরু হয়। দেবদত্ত চ্যাটার্জি নামক এক ব্যক্তি এই অফিসের মালিক। সার্জিক্যাল মেশিন সাপ্লাইয়ের কাজ করে অকটেন মেডিক্যাল। আরজিকর হাসপাতাল এই কোম্পানি থেকে বেশ কিছু মেশিন কিনেছিল, যে মেশিনের দাম বাজার দর থেকে বেশি দামে কেনা হয়েছিল বলে ইডি সূত্রের খবর।

#RGkarHospital   

#RGKARDoctorDeath    

#Latestbengalinews 

#RGKarHospitalfinancialcorruptioncase 

#SrirampurTrinamoolMLASudiptaRoy

About Post Author