Home » আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্তে সন্দীপ ঘোষের পৈতৃক ভিটে-সহ শহরের তিন প্রান্তে ইডির হানা

আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্তে সন্দীপ ঘোষের পৈতৃক ভিটে-সহ শহরের তিন প্রান্তে ইডির হানা

সময় কলকাতা ডেস্ক, ১২ সেপ্টেম্বর: আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্তে ইতিমধ্যেই তেড়েফুঁড়ে ময়দানে নেমেছে ইডি-সিবিআই। আর্থিক দুর্নীতিকাণ্ডে সন্দীপ ঘোষ গ্রেফতার হওয়ার পর থেকেই তাঁর ঘনিষ্ঠদের বাড়িতে দফায় দফায় তল্লাশি চালিয়ে একাধিক নথি উদ্ধার হয়েছে। এবার আর্থিক দুর্নীতির তদন্তে একসঙ্গে শহরের তিন প্রান্তে তল্লাশি অভিযান শুরু ইডির। বৃহস্পতিবার সাতসকালে চিনার পার্কে সন্দীপ ঘোষের পৈতৃক ভিটে, টালায় চন্দন লৌহের বাড়ি এবং কালিন্দীর একটি ওষুধের দোকানে চলছে তল্লাশি।

আরও পড়ুন  পিছিয়ে গেল মুখ্যমন্ত্রীর সঙ্গে মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের মেগা বৈঠক

জানা গিয়েছে, চিনার পার্কের এই বাড়িতে সন্দীপ ঘোষের বাবা সত্যপ্রিয় ঘোষ থাকতেন। এদিন বাড়ির চাবি না মেলায় দীর্ঘ এক ঘণ্টা অপেক্ষা করতে হয় তদন্তকারী আধিকারিকদের। পরবর্তী সময়ে চাবি নিয়ে এসে খুলে বাড়িতে প্রবেশ করে। তবে, এদিন শুধু সন্দীপ ঘোষের পৈত্রিক বাড়িতেই নয়, সন্দীপ ঘনিষ্ঠদের ডেরাতেও হানা দেয় ইডি। জানা গিয়েছে, কালিন্দীর হাউসিং কমপ্লেক্সের সি-২৮ নম্বর বাড়িতে রয়েছে অকটেন মেডিকেল-র অফিস। বছর দুই আগে থেকে এই অফিস শুরু হয়। দেবদত্ত চ্যাটার্জি নামক এক ব্যক্তি এই অফিসের মালিক। সার্জিক্যাল মেশিন সাপ্লাইয়ের কাজ করে অকটেন মেডিক্যাল। আরজিকর হাসপাতাল এই কোম্পানি থেকে বেশ কিছু মেশিন কিনেছিল, যে মেশিনের দাম বাজার দর থেকে বেশি দামে কেনা হয়েছিল বলে ইডি সূত্রের খবর।

প্রসঙ্গত, আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলার তদন্তে এর আগে গত শুক্রবার সকালে সোনারপুরে সন্দীপ-ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেয় ইডি। সন্দীপের ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে দুর্নীতি মামলায় উঠে এসেছিল প্রসূনের নাম। প্রায় সাত ঘণ্টা ধরে ম্যারাথন তল্লাশির পর সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়কে আটক করল ইডি। দুপুর ২টো নাগাদ প্রসূনকে আটক করে বাড়ির বাইরে নিয়ে আসা হয়। যদিও এদিন প্রসূন ছাড়াও সন্দীপ ঘোষেরর বেলেঘাটার বাড়িতে হানা দেয় ইডি। এদিন ভোর ৬টা ৪০ নাগাদ ৪ জন ইডি আধিকারিক সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি অভিযান চালান। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। তবে, শুধু সন্দীপ ঘোষের বাড়িতেই নয়, আরও কয়েক জায়গায় হানা দিয়েছে ইডি। হাওড়ার সাঁকরাইলে সন্দীপ ঘনিষ্ঠ দুজনের বাড়িতে যান কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। তাঁদের মধ্যে একজন ভেন্ডর বিপ্লব সিং এবং অন্যজন বিপ্লব-ঘনিষ্ঠ কৌশিক কোলে। দুজনেরই বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। আরজিকর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপের মতো বিপ্লব সিংকে আগেই গ্রেফতার করেছে সিবিআই। জানা গিয়েছে, ব্যবসায়ী বিপ্লব সিং সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ। মা তারা ট্রেডার্স নামে বিপ্লব সিং এর ওই ব্যবসায়ী প্রতিষ্ঠান আরজিকল হাসপাতালে মেডিকেল ইন্সট্রুমেন্ট সাপ্লাই করতো। আরজিকল মেডিকেল কলেজে ইন্সট্রুমেন্ট সাপ্লাই এর ক্ষেত্রে দুর্নীতি প্রকাশ্যে আসতেই ইডি তদন্তে নেমেছে।

#RGkarHospital   

#RGkarPrincipalSandeepGhosh    

#RGKARDoctorDeath    

#Latestbengalinews 

#SupremeCourt 

#RGKarHospitalfinancialcorruptioncase

About Post Author