সময় কলকাতা ডেস্ক, ১২ সেপ্টেম্বর: আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল গোটা রাজ্য। সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসেছেন জুনিয়র চিকিৎসকেরা। দুই রাত পেরিয়ে গেলেও এখনও নিজেদের দাবিতে অনড় তাঁরা। বুধবার চিকিৎসকদের অবস্থান মঞ্চে হঠাৎ দেখা গিয়েছে বিজেপি নেত্রী পামেলা গোস্বামীকে। যিনি গত বিধানসভা নির্বাচনের আগে মাদক কাণ্ডে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন। সেই কথা স্মরণ করিয়ে সমাজ মাধ্যমে কটাক্ষ করেছেন তৃণমূলের প্রাক্তন সাংসদ ও মুখপাত্র কুণাল ঘোষ। সারদা কাণ্ড নিয়ে পাল্টা দিতে ছাড়েননি বিজেপি নেত্রী পামেলাও।

বুধবার রাতে কুণাল ঘোষ নিজের সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওতে দেখা গিয়েছে হলুদ রংয়ের পোশাকের এক মহিলাকে চিকিৎসকদের অবস্থানে বসে বিচারের দাবি তুলতে। নিজের পোস্টে কয়েকটি প্রশ্ন তোলেন কুণাল। তিনি জিজ্ঞেস করেন “এটা কোথাকার ছবি? ইনি কে? সোশ্যাল মিডিয়ায় যা ঘুরছে, তা কি ঠিক? ইনি যদি তিনি হন, তা হলে ইনি এখানে কেন? ইনি এলেন, না ডাকা হল? ডাকা হলে কেন হল? যদি কেউ স্পষ্ট করে ঘটনাস্থল এবং চরিত্রগুলি জানাতে পারেন, পোস্ট করবেন প্লিজ। আমি কনফিউজড।” কথাগুলির মধ্যে কটাক্ষের সুর স্পষ্ট।
কুণালের পোস্টের কিছুক্ষণের মধ্যে নিজের এক্স হ্যান্ডেলে পাল্টা সেই ভিডিও পোস্ট করেন পামেলা। যেখানে তিনি লিখেছেন, “যতক্ষণ না বিচার পাচ্ছি, ততক্ষণ আমরা আন্দোলন থামবো না। আমরা কিছুতে ভয় পাইনা। কোনও শক্তি আমাদের দমন করতে পারবে না।” সেই পোস্টের কিছুক্ষণ পর পামেলার পোস্ট করা কিছু ছবি শেয়ার করে, তাঁর অতীত নিয়ে কটাক্ষ করেন তৃণমূল নেতা। তিনি লেখেন, “বিজেপি নেত্রী, একদা মাদক কাণ্ডে ধৃত পামেলা গোস্বামী গিয়েছিলেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনে, সাহায্যও করেছেন। অরাজনৈতিক।”
আরও পড়ুন: ধর্ষণ ও খুনের মামলায় এবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন আরজিকরের ৪ জুনিয়র ডাক্তার
কুণালের কটাক্ষের পাল্টা জবাব এসেছে বিজেপি নেত্রীর পক্ষ থেকেও। তিনি লেখেন, “হায় ভগবান!! দেখুন, সারদা চিট ফান্ডে অভিযুক্ত কীভাবে মিথ্যা ছড়াচ্ছে! কুণাল আপনি বোকা নাকি নিরক্ষর? ২০২১ সালে আপনাদের রাজ্য পুলিশের গঠিত করা সিট আমাকে ক্লিন চিট দিয়েছে। কারণ, তদন্তের সময় আমার বিরুদ্ধে কোনও প্রমাণ পাওয়া যায়নি। আলিপুর ট্রায়াল কোর্ট, কলকাতা হাইকোর্ট ও দেশের সর্বোচ্চ আদালত আমাকে মুক্তি দিয়েছে। আপনি সোশ্যাল মিডিয়ায় মিথ্যা ছড়ানো এবং মানুষকে বিভ্রান্ত করার চেয়ে আরটিআই (RTI) করে যাচাই করে নিতে পারেন। অন্যথায় আবারও আগের বারের মতো মুখপাত্র পদ থেকে আপনি বহিষ্কৃত হবেন। আমি আগামীকাল আপনার বিরুদ্ধে মানহানির মামলা করব।” এই বক্তব্যের সঙ্গে এক্স হ্যান্ডেলে বেশ কিছু নথি পোস্ট করেছেন পামেলা।
প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনের আগে মাদক সঙ্গে রাখার অভিযোগে গ্রেফতার হন বিজেপি নেত্রী পামেলা গোস্বামী। পরে মুক্তি পাওয়ার পর বিজেপির বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় তাঁকে। অন্যদিকে, সারদা কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন কুণাল ঘোষও। তিনিও রাজ্য পুলিশের হাতেই গ্রেফতার হয়েছিলেন। কিন্তু ২০২১ বিধানসভা নির্বাচনের আগে ফের রাজনীতির মূলস্রোতে ফেরেন কুণাল। দল বিপাকে পড়লেই ড্যামেজ কন্ট্রোলারের ভূমিকায় অবতীর্ণ হন তিনি। বুধবার বাকযুদ্ধে জড়ালেন কুণাল ও পামেলা।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?