Home » ICC Womens T20 World Cup: ভারতকে হারানো নিউজিল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে

ICC Womens T20 World Cup: ভারতকে হারানো নিউজিল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৯ অক্টোবর: গতবারের ফাইনালিস্ট ভারতকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করেছিল নিউ জিল্যান্ড । সেই হারের ধাক্কা সামলাতে না পেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে হরমনপ্রীত কউরদের। ওয়েস্ট ইন্ডিজকে সেমিফাইনালে হারিয়ে সেই দলই এ বার পৌঁছে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে। ৮ রানের ব্যবধানে ম্যাচ জিতে নিলেন সোফি ডিভাইনরা। ফাইনালে তাঁরা মুখোমুখি হবেন দক্ষিণ আফ্রিকার। অতীতে ফাইনালে উঠলেও কখনও ট্রফি জয়ের স্বাদ পায়নি এই  দুটি দেশ। ফলে যারাই জিতুক না কেন, নতুন চ্যাম্পিয়ন পাবে এই মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ।

শারজা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউ জ়‌িল্যান্ড । অধিনায়কের সিদ্ধান্তের প্রতি সুবিচার করেন দলের দুই ওপেনার। শুরু থেকে সুজি বেটস ও জর্জিয়া প্লিমার দলের স্কোরবোর্ডকে চালু রাখেন। ৪৮ রানের জুটি গড়েন দুজনে। কিন্তু ২৬ রানের মাথায় সুজি ফিরতেই চাপে পড়ে যায় কিউয়ি ব্রিগেড। ৩৩ রান করে ফেরেন প্লিমার। দুই ওপেনার সাজঘরের পথ ধরায় প্রভাব পড়ে রানের গতিতে। দলের আর কোনও ব্যাটার উল্লেখযোগ্য কিছু করতে পারেননি। যার উপর ভরসা ছিল সেই সোফি ডিভাইন মাত্র ১২ রান করে আউট হন। শেষের দিকে গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দেন ইসাবেলা গেজ। তাঁর অপরাজিত ২০ রানের সৌজন্যে ৯ উইকেটের বিনিময়ে ১২৮ রান তোলে নিউ জিল্যান্ড।

আরও পড়ুন: India Vs New Zealand Test: তৃতীয় দিনের লড়াই শেষে ১২৫ রানে পিছিয়ে ভারত, দিনের শেষ বলে উইকেট হারালেন কোহলি

আরও পড়ুন: Richa Ghosh: সামনেই বড় সিরিজ, নিউজিল্যান্ডের বিরুদ্ধে রিচাকে ছাড়াই দল ঘোষণা ভারতের

১২৯ রান টি- টোয়েন্টি ক্রিকেটে খুব বেশি রান নয়। ওভারপ্রতি ৬ রানের কিছু বেশি রান করলেই এই রান উঠে যায়। কিন্তু সেই সহজ কাজটা বাইশ গজে দাঁড়িয়ে করে দেখাতে পারলেন না ক্যারাবিয়ান ব্যাটারেরা। শুরু থেকে কিছুটা হিসেব করে খেলছিলেন দলের দুই ওপেনার হ্যালি ম্যাথিউস ও কিয়ানা জোসেফ। কিন্তু পিচে থিতু হয়ে যাওয়ার পর দুজনেই উইকেট ছুঁড়ে দিয়ে এলেন। ১২ বলে ১২ রান করে আউট হন কিয়ানা। ম্যাথিউসের সংযোজন ২১ বলে ১৫। মিডল অর্ডারে নেমে কিছুটা লড়াই করলেন দিয়ান্দ্রা ডটিন। তিনটি ছক্কার সাহায্যে ২২ বলে ৩৩ রান করেন তিনি। জাইদা জেমস ৪ বলে ১৪ রানের ক্যামিও ইনিংস খেলেন। শেষ পর্যন্ত নিউ জিল্যান্ড বোলারদের সঙ্গে ওরে একই লড়াই করে গেলেন আফি ফ্লেচার। ১৭ বলে অপরাজিত থাকলেও দলকে জেতাতে পারেননি তিনি। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৫ রান। কিন্তু সবমিলিয়ে ৬ রানের বেশি করতে পারেনি ইন্ডিজ ব্রিগেড।

About Post Author