সময় কলকাতা ডেস্ক:- বালুচিস্তানে হাইজ্যাকড ট্রেন ! বালুচিস্তানের বোলানে রাতভর চলল পাক সেনার উদ্ধার অভিযান। বহু চেষ্টায় অপহৃত জাফর এক্সপ্রেস থেকে থেকে উদ্ধার করা হয়েছে অন্তত ১৫০ জনের বেশি যাত্রীকে। অভিযানে অন্তত ২৫ জনের বেশি বালুচ বিদ্রোহী নিহত হয়েছেন।
ঘটনা কি ঘটেছিল
মঙ্গলবার সকাল ৯টা নাগাদ কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসের দখল নেন স্বাধীনতাপন্থী সশস্ত্র বালুচ গোষ্ঠী বিএলএ অর্থ্যাত্ বালুচ লিবারেশন আর্মির বিদ্রোহীরা। কাচ্চি বোলান জেলায় পেহরো কুনরি এবং গাদালারের মাঝামাঝি জায়গায় যাত্রিবাহী ট্রেনটি অপহরণ করা হয়। নটি কোচবিশিষ্ট ওই ট্রেনটিতে প্রায় ৫০০ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে শতাধিক পণবন্দি হন। চলন্ত ট্রেন লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিদল। বালুচ লিবারেশন আর্মি নামের সংগঠন এই ট্রেন অপহরণের দায় স্বীকার করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ট্রেন থেকে অগুনতি যাত্রী ও নিরাপত্তা রক্ষী এখন তাদের হেফাজতে বন্দি রয়েছে। তারা জানায়, বালুচ রাজনৈতিক বন্দিদের মুক্তি এবং নিখোঁজ ব্যক্তিদের ফেরত দেওয়ার দাবি মানতে হবে, অন্যথায় ৪৮ ঘণ্টার মধ্যে ট্রেন সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে বলে হুমকি দেয় তারা। জানা গিয়েছে, বালুচ লিবারেশন আর্মি অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই অপারেশন চালিয়েছে। মাশকাফ, ধাদর, বোলান এলাকায় একের পর এক বিস্ফোরণ ঘটানো হয় রেললাইনে।

অপহরণের দায় স্বীকার
সংগঠন বিবৃতিতে আরও বলে, এই বিস্ফোরণে রেললাইনে ফাটল ধরায় জাফফর এক্সপ্রেস থামতে বাধ্য হয়। ট্রেন মাঝপথে থেমে গেলে জঙ্গিদল ট্রেনের দখল নেয়। সংগঠনের দাবি, সব যাত্রী ও নিরাপত্তাকর্মীদের বন্দি করা হয়েছে। জঙ্গিদের আরও দাবি, এই হামলায় ৩০ জন পাক সেনা কর্মী নিহত হয়েছেন। কয়েকশো যাত্রী তাদের হেফাজতে রয়েছেন। পাকিস্তান কোনও ধরনের সেনা অভিযান চালালে সব যাত্রীদের খতম করার হুমকিও দিয়েছে সংগঠনটি। কারা এই বালুচ লিবারেশন আর্মি? বালুচ লিবারেশন আর্মি বা বিএলএ হল স্বাধীন বালুচিস্তান গঠনের একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন। যারা পাকিস্তানের অধীনতামুক্ত হয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের লড়াই চালিয়ে যাচ্ছে কয়েক যুগ ধরে। বালুচিস্তানের প্রাক্তন শাসক খান অফ কালাত-কে বলপ্রয়োগ করে এলাকা দখল করেছিল বলে পাকিস্তান সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাচ্ছে এই অঞ্চলের অসংখ্য ছোটবড় সংগঠন। তাদেরই মতো একটি সংগঠনের নাম বিএলএ।
উদ্ধার অভিযান
মঙ্গলবার রাতেই বিদ্রোহীদের অপহৃত ট্রেনের কাছে পৌঁছে গিয়েছিল পাক নিরাপত্তাবাহিনীর উদ্ধারকারী দল। তাঁদের মধ্যে পাক সেনার ‘স্পেশ্যাল সার্ভিস গ্রুপ’-এর কমান্ডোরা রয়েছেন। খবর পেয়েই বিএলএ হুমকি দেয়, সেনা অভিযান না থামালে পণবন্দিদের খুন করা হবে। উদ্ধারকারী সেনাদের আটকাতে রেললাইনের একাংশ উড়িয়েও দেন বিদ্রোহী বালুচ যোদ্ধারা। অভিযান চলাকালীন বালুচিস্তানে হাইজ্যাক ট্রেনটি থেকে ১৫০ জনের বেশি যাত্রীকে নিরাপদে উদ্ধার করে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী। গুলির লড়াইয়ে অন্তত ২৭ জন বিদ্রোহী নিহত হয়েছে বলে জানা গিয়েছে।


More Stories
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!
সোনারপুরে অভিষেককে মারধর, মেরে জামা ছিঁড়ে দেওয়া হল অভিষেকের
দল মানে কারা? প্রশ্ন তুলে পদত্যাগ অরূপ-সুশান্তের