সময় কলকাতা ডেস্ক:- ফের মাঝআকাশে এয়ার ইন্ডিয়ার উড়ানে বিপত্তি। বোয়িং ৭৭৭ এয়ারক্র্যাফটের একাধিক টয়লেট জ্যাম হয়ে যাওয়ায় টরন্টো থেকে দিল্লিগামী উড়ানের গতিপথ বদল হলো। তাকে নামানো হলো ফ্রাঙ্কফুর্টে। এ নিয়ে গত দু’মাসে দু’বার এমন ঘটনা ঘটল।
টয়লেট জ্যাম হলে বেশি অসুবিধা হয় বয়স্ক ও শিশুদের। পরিস্থিতি সামলে নেওয়ার মতো হলে সাধারণত পাইলটরা অসুবিধার কথা জানিয়ে যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে নেন। কিন্তু বেশির ভাগ টয়লেটই যদি জ্যাম বা বিকল হয়ে যায়, তখন উড়ানের গতিপথ না বদলে অন্য কোনও উপায় থাকে না।
এর আগেও এয়ার ইন্ডিয়ার শিকাগো থেকে দিল্লিগামী উড়ান টেক অফের ১০ ঘণ্টা পরে ফের আমেরিকায় ফিরে এসেছিল টয়লেট জ্যাম হয়ে যাওয়ায়। সেই সময় কর্তৃপক্ষ জানিয়েছিলেন, প্লাস্টিকের ব্যাগ, কাপড়, ডায়াপার আটকে জ্যাম হয়েছিল টয়লেট। ওই উড়ান সংস্থার এক কর্তা জানান, বোয়িং ৭৭৭ উড়ানে তিনটি পৃথক নিকাশি ব্যবস্থা থাকে। কিন্তু একটি বিকল হলেই তার প্রভাব পড়ে সব টয়লেটের উপর। এয়ার ইন্ডিয়ার এক অফিসার জানান, বোয়িং ৭৭৭-এর পাঁচটি টয়লেটই জ্যাম হয়ে গিয়েছিল। সেই কারণেই উড়ানের গতিপথ বদলে ফ্রাঙ্কফুর্টে অবতরণ করানো হয়। সাধারণত বোয়িং ৭৭৭ বিমানে ১২টি টয়লেট থাকে।
যদিও সোমবার এয়ার ইন্ডিয়ার তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে, তাতে ফ্রাঙ্কফুর্টে অবতরণের কারণ বলা হয়েছে ‘যান্ত্রিক ত্রুটি’। এও দাবি করা হয়েছে, অবতরণের পরে কয়েক ঘণ্টার মধ্যেই ফ্রাঙ্কফুর্ট থেকে উড়ানটি দিল্লির দিকে রওনা দেয়। এয়ার ইন্ডিয়ার কাছে তার যাত্রী ও বিমান কর্মীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য দেখা বেশি গুরুত্বপূর্ণ।
সূত্রের খবর, টরন্টো থেকে দিল্লিগামী ওই উড়ান ছিল ‘নন স্টপ’। টরন্টোর পিয়ার্সন এয়ারপোর্ট থেকে ২ মে সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে ছেড়ে পরের দিন, ৩ মে সন্ধ্য়ায় দিল্লি পৌঁছেছিল এয়ার ইন্ডিয়ার উড়ানটি।


More Stories
বিজেপি বিপক্ষ দল ভাঙাতে কত কোটি টাকা দিচ্ছে বলে অভিযোগ?
আক্রান্ত হলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে
ভারতে তেলের দাম কি কমছে?