Home » জম্মু ও কাশ্মীরে ফের গুলির লড়াই!

জম্মু ও কাশ্মীরে ফের গুলির লড়াই!

সময় কলকাতা ডেস্ক:- ‘অপারেশন’ জারি রয়েছে। সন্ত্রাসবাদকে ভারত যে কোনও ভাবেই বরদাস্ত করবে না সে কথা আগেই স্পষ্ট ভাবে জানিয়েছিল নয়া দিল্লি। মঙ্গলবারের পর ফের বৃহস্পতিবার খতম এক জঙ্গি। জানা গিয়েছে, নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে এই জঙ্গির মৃত্যু হয়েছে। এ দিন কাশ্মীর পুলিশের তরফে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়। সেই পোস্ট থেকে জানা যাচ্ছে, জম্মু ও কাশ্মীরের অবন্তীপোরার ত্রালে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর গুলির লড়াই চলছে।

পুলিশ সূত্রে খবর, ত্রাল এলাকায় সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত দু’-তিন জন জঙ্গি লুকিয়ে রয়েছে। প্রাথমিকভাবে অনুমান, একজন জঙ্গির মৃত্যু হলেও, আরও দু’থেকে তিনজনকে ঘিরে ফেলেছে নিরাপত্তাবাহিনী। এরা সকলেই ‘জইশ-ই মহম্মদ’ জঙ্গি সংগঠনের। তবে পহেলগাঁওয়ের হামলায় এরা জড়িত ছিল কি না তা এখনও স্পষ্ট নয়। গত ৪৮ ঘণ্টায় জম্মু ও কাশ্মীরে এটি দ্বিতীয় এনকাউন্টারের ঘটনা। সোপিয়ানে অপারেশন ‘কেল্লার’ চালায় ভারতীয় সেনা। মঙ্গলবার সকালে জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে নিরাপত্তাবাহিনীর গুলিতে মৃত্যু হয়েছিল তিন জঙ্গির। প্রথমে জম্মু ও কাশ্মীরের কুলগাঁওয়ে ওই অভিযান শুরু হয়েছিল, যা পরে সোপিয়ানের দিকে সরে আসে।

তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র, গ্রেনেড,বুলেট উদ্ধার হয়। একই সঙ্গে উদ্ধার হয় বান্ডিল-বান্ডিল ভারতীয় টাকা। এই সকল জঙ্গিরা দীর্ঘদিন ধরেই জঙ্গলে লুকিয়ে ছিল। আর সেই কারণে তাদের কাছে ছিলপর্যাপ্ত বিস্কুট,খাবার। সঙ্গে ছিল ভারতীয় সেনাবাহিনীর পোশাক। পহেলগাঁও কাণ্ড-পরবর্তী সময়ে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন প্রান্তে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছিল। তবে ওই হত্যালীলায় জড়িত কোনও জঙ্গি এখনও ধরা পড়েনি।

এরই মধ্যে গত ৬ মে রাতে শুরু হয় ভারতীয় সেনার অপারেশন সিঁদুর। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে চিহ্নিত ৯ টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেয় ভারতীয় সেনা। একই সঙ্গে পহেলগাঁও কাণ্ডে জড়িত জঙ্গিদের খোঁজও জারি রয়েছে। এদিকে, পুলওয়ামা জেলার বিভিন্ন জায়গায় মঙ্গলবার সকালে পহেলগাঁও হত্যালীলায় জড়িত জঙ্গিদের ছবি-সহ পোস্টার সাঁটানো হয়েছে। ওই জঙ্গিদের কোনও খোঁজ দিতে পারলে ২০ লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছে।

About Post Author