Home » ভেঙে টুকরো পাকিস্তান? ‘স্বাধীন রাষ্ট্র’ ঘোষণা বালোচ নেতার, বন্ধু ভারতকে কাছে টেনে বার্তা

ভেঙে টুকরো পাকিস্তান? ‘স্বাধীন রাষ্ট্র’ ঘোষণা বালোচ নেতার, বন্ধু ভারতকে কাছে টেনে বার্তা

সময় কলকাতা ডেস্ক:- ভারতের অপারেশন সিঁদুরে মার খাওয়ার পর বালোচিস্তান হাতছাড়া হয়ে গেলো পাকিস্তানের থেকে! বুধবার স্বাধীন বালোচিস্তান ঘোষণা করলেন বালোচ বিদ্রোহের অন্যতম নেতা মীর ইয়ার বালোচ। এক্স হ্যান্ডেলের পোস্টে তিনি লেখেন, আর পাকিস্তানের রক্তচক্ষুকে মানবে না বালোচিস্তানের মানুষ। মীর বালোচ এই ঘোষণাকে দেশের ‘সাধারণ মানুষের রায়’ বলেছেন। এরপরেই সোশাল মিডিয়ায় ট্রেন্ড ‘স্বাধীন বালোচিস্তান’। ১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার সময়েই স্বাধীন দেশ হিসেবে চিহ্নিত হয়েছিল বালোচিস্তান। কয়েকমাসের মধ্যেই স্বাধীন বালোচিস্তান দখল করে নেয় পাকিস্তান। এর পর থেকেই একাধিকবার বালোচ বিদ্রোহীরা পাকিস্তান সেনার সঙ্গে লড়াই করে চলেছে। এ বার বালোচিস্তানকে ‘স্বাধীন রাষ্ট্র’ বলে দাবি করলেন বিদ্রোহী দলের প্রতিনিধি মীর ইয়ার বালোচ।

পাকিস্তানের হাত থেকে নিজেদের ভূখন্ডকে স্বাধীন করে নেওয়ার দাবি করেছেন তিনি। এই অবস্থায় সমগ্র বিশ্বের মধ্যস্থতাও দাবি করেছেন তিনি। সাহায্য চাওয়া হয়েছে ভারতের কাছেও। এক্স হ্যান্ডেলের বার্তায় ভারতের প্রতি বন্ধুত্বের বার্তা দিয়েছেন বালোচ নেতা মীর ইয়ার বালোচ।

তিনি ভারতকে অনুরোধ করেন যেন বালোচিস্তানে তারা সরকারি অফিস খোলে এবং বালোচদের দিল্লিতে দূতাবাস খোলার অনুমতি দেওয়া হয়। পাশাপাশি, পিওকে নিয়ে ভারতের দাবিকেও সমর্থন জানিয়েছেন তিনি। রাষ্ট্রসংঘের কাছেও স্বাধীন বালোচিস্তানের স্বীকৃতি এবং এই বিষয়ে আলোচনা সভার দাবি করেন বালোচ নেতা। মঙ্গলবার সমাজমাধ্যমে একটি পোস্টে দেখা গিয়েছিল বালোচিস্তানের সাধারণ মানুষের হাতে ভারত ও বালোচিস্তানের বন্ধুত্বের বার্তার পোস্টার। সরাসরি ভারতের প্রধানমন্ত্রীকেও বার্তা দেন বালোচ নেতা।

তিনি লেখেন, মোদি একা নন, মোদির প্রতি ৬ কোটি বালোচ দেশপ্রেমিকের সমর্থন রয়েছে। একদিকে ভারতের অপারেশন সিঁদুরে পাকিস্তান যখন বিধ্বস্ত, তখনই অন্যদিকে বালুচিস্তানে বালোচ আর্মির দাপটে ভয়াবহ বেকায়দায় পাকিস্তান। বালোচিস্তানকে দখলের পর থেকেই সেখানে মানবাধিকার লঙ্ঘনের বিস্তর অভিযোগ উঠেছে। জোরপূর্বক গুম করে দেওয়া, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং ভিন্নমত পোষণকারীদের স্তব্ধ করে দেওয়ার মতো অভিযোগ তোলা হয়েছে বারবার।

পাকিস্তানি নিরাপত্তা বাহিনী এবং সশস্ত্র গোষ্ঠী উভয়ের বিরুদ্ধেই নির্যাতনের অভিযোগ করেছেন সেই প্রদেশের মানুষ। তবে, বালোচের বিদ্রোহী দলের এই নেতার দাবি কি মেনে নেবে বিশ্ব? প্রশ্ন আন্তর্জাতিক মহলে।

About Post Author