সময় কলকাতা ডেস্ক:- দু’দিনের ব্রিটেন সফরে বৃহস্পতিবার ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে একটি গাছ উপহার দিলেন প্রধানমন্ত্রী। উপহার হিসেবে ‘সোনোমা ডাভ ট্রি’ দেওয়ার পিছনে আসলে রয়েছে মোদির ‘এক পেড় মা কে নাম’ কর্মসূচি।
স্যান্ডরিংহ্যাম হাউসে সাক্ষাৎ হয় চার্লস-মোদির। ভারত-ব্রিটেনের মধ্য়ে একাধিক দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে কথা হয় তাঁদের মধ্যে। আয়ুর্বেদ, যোগাসন ও মিশন লাইফ নিয়েও আলোচনা করেন তাঁরা।
এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিং চার্লসকে একটি গাছ উপহার দেন। ‘একটি গাছ মায়ের নামে’ শীর্ষক যে উদ্যোগ শুরু করেছিলেন প্রধানমন্ত্রী, যেখানে মায়ের নামে গাছ লাগানোর কথা বলেছিলেন। সেই উদ্যোগেরই অংশ হিসাবে ব্রিটেনের রাজাকেও গাছ উপহার দেন প্রধানমন্ত্রী মোদি।
বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল প্রধানমন্ত্রী মোদির কিং চার্লসের সঙ্গে সাক্ষাৎ ও আলাপচারিতা নিয়ে পোস্ট করেন। ব্রিটিশ রাজ পরিবারের তরফেও প্রধানমন্ত্রী মোদি ও কিং চার্লসের ছবি শেয়ার করা হয়।
২০২৩ সালে দুবাইয়ে জলবায়ু সম্মেলনে শেষবার কিং চার্লসের সঙ্গে দেখা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এবার ২০২৫ সালে। এদিকে এদিনই মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে দুই দেশের মধ্যে। বহু বছর ধরেই মূলত তিনটি বিষয় নিয়ে দুই দেশের মধ্যে দর কষাকষি চলছিল। অবশেষে এদিন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সাথে সাক্ষাতের পর দুই রাষ্ট্রনায়ক স্বাক্ষর করেন বহু প্রতীক্ষিত ওই চুক্তিতে।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে