বাংলার দুর্গা পুজো আগেই ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পেয়েছে. এবার সেই তালিকায় যুক্ত হবে ছট পুজাও। বিহারে ভোট আসন্ন। তার আগেই বিহারবাসীর জন্য সুখবর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার ১২৬ তম ‘মন কি বাত’-এ প্রধানমন্ত্রী জানান, ঐতিহ্যবাহী ছট উৎসবকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে ভারত সরকার। বলেন, ছটকে ইউনেস্কোর ‘ইনট্যানজিবেল কালচারাল হেরিটেজে’র তালিকায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে। সূর্য দেবতার এই পুজো এখন বিশ্বের নানা দেশে পরিচিতি পাচ্ছে।
সূর্য দেবতার সম্মানে ছটপুজো ভারত জুড়ে উদযাপিত হয় এবং বিদেশেও এই পুজোর স্বীকৃতি রয়েছে। ভারতীয় উৎসবগুলির বিস্তৃত সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী জানান যে, এই ধরনের উৎসব ভারতের ঐতিহ্যকে প্রাণবন্ত রাখে। তিনি বলেন, সরকারি প্রচেষ্টার মাধ্যমে, কলকাতার দুর্গাপুজো সম্প্রতি ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। একইভাবে, কেন্দ্রীয় সরকার ছট পুজাকে এই তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য কাজ করছে, যাতে বিশ্বব্যাপী মানুষ এর মহিমা এবং আধ্যাত্মিক তাৎপর্য অনুভব করতে পারে।
উৎসবের মরসুম শেষ হলেই গণতন্ত্রের উৎসবে মাতবে বিহার। আর দিন কয়েকের মধ্যেই পূর্ব ভারতের এই রাজ্যে বিধানসভা ভোটের ঘোষণা হবে। তার আগেই বিহারবাসীকে বড় প্রতিশ্রুতি দিলেন মোদি। মোদির এই ঘোষণার পরই উচ্ছ্বসিত বিহারের একাংশ। অনেকেই প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন। জানিয়েছেন, ছট পুজোর আগে এমন ঘোষণা তাঁদের উৎসবকে আরও আনন্দময় করবে।


More Stories
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!