Home » মোহনবাগানের ম্যাচ দিয়ে রুগ্ন আইএসএল শুরু , খেলা দেখবেন কোথায়?

মোহনবাগানের ম্যাচ দিয়ে রুগ্ন আইএসএল শুরু , খেলা দেখবেন কোথায়?

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১৪ ফেব্রুয়ারি : একদিকে যখন দেশ ও উপমহাদেশ জুড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাঁধভাঙ্গা আগ্রহ ঠিক তারমধ্যেই প্রায় নিঃশব্দে শুরু হতে চলেছে ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা।

আজ, শনিবার,  ২০২৫-২৬ মরশুমের আইএসএল যা কিনা ভারতীয় ফুটবলের সর্বোচ্চ পর্যায়ের টুর্নামেন্ট, তার বহু প্রতীক্ষিত সূচনা  হচ্ছে। ধুঁকতে থাকা, রুগ্ন হয়ে পড়া, স্পনসরের অভাবে অন্ধকার ভবিষ্যতের দিকে পা বাড়ানো আইএসএল নির্ধারিত সময়ের পাঁচ মাস পরে শুরু হচ্ছে। প্রথম ম্যাচে ‘ফুটবলের মক্কায়’ মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ন্স ও তিনবারের ফাইনালিস্ট কেরালা ব্লাস্টার্স। কেরালা ব্লাস্টার্স এর বিরুদ্ধে মোহনবাগানের রেকর্ড বরাবরই ভালো। বিকেল ৫ টায় ম্যাচ শুরু।

 ধারেও ভারে মোহনবাগান অনেক এগিয়ে। মোহনবাগান দলের আক্রমণ ভাগে রয়েছেন দিমিত্রি পেত্রাতোস, মনবীর সিং, লিস্টন কোলাসো, জেমি ম্যাকক্লারেন, জেসন কামিংস, সুহেল ভাট, রবসন রবিনহো। ডিফেন্সেও পাওয়া যাবে দুজন বিদেশিকে। মোহনবাগানে একমাত্র রাইট ব্যাক পজিশনে আসিস রাইকে চোটের কারণে  পাওয়া যাচ্ছে না। তাঁকে এই মরশুমে পাওয়ার সম্ভাবনা কম। তাঁর পজিশনে চলতি মরশুমে খেলতে নামবেন অ্যামে রানওয়াড়ে। মহারাষ্ট্রের এই ফুটবলারের সঙ্গ এক মরশুমের জন্যই চুক্তি করেছে সবুজ-মেরুন। তিনি কেমন খেলেন সেদিকে চোখ থাকবে। তবে সবচেয়ে বেশি চোখ থাকবে এই ম্যাচ ক্রীড়া-অনুরাগীদের মধ্যে আদৌ কোনো আগ্রহ তৈরি করতে পারে কিনা সেদিকে! এই প্রশ্ন কেন উঠছে তা কেরালা ব্লাস্টার্স টিমের দিকে তাকালেই  পরিস্কার হয়ে যাবে।

এবার মোহনবাগানের গতবারের মতো প্রায় পূর্ণশক্তির দল থাকলেও কেরালা ব্লাস্টার্স একের পর এক সেরা মানের বিদেশীকে ব্যয় সংকোচ করার জন্য ছেড়ে দিয়েছে । নেই আদ্রিয়ান লুনা বা নোয়া সাদাউই।তাদের দলে বড় নাম না থাকা প্রসঙ্গে তাঁদের স্পোর্টিং ডিরেক্টর স্কিনকিস আগেই বলেছিলেন “এখন  টেবিল, খেলোয়াড়, তারকা এবং সুপারস্টারদের নিয়ে কথা বলা খুবই অপ্রাসঙ্গিক। এটা কোন ব্যাপার না। এখন, এটা টিকে থাকার কথা।” স্কিনকিস যা বলেছেন নিজের দল নিয়ে,  তাকে লাখ কথার এক কথা বলা যায় আইএসএল প্রসঙ্গেও। স্পনসর নেই,প্রচার নেই, আগ্রহ নেই, এত বিবর্ণ আইএসএল আর দেখে নি ভারতীয় ফুটবল! আগামী দিনে প্রাণের ছোঁয়া কী পাবে আইএসএল ও ভারতীয় ফুটবল? ধোঁয়াশা তা নিয়েও।

 আইএসএল-এর প্রথম দিনে বিকেল পাঁচটায় মোহনবাগান কেরালার ম্যাচের পর আর ও একটি ম্যাচ রয়েছে, যেখানে মুখোমুখি হবে গোয়া ও ইন্টার কাশি।

কোথায় দেখবেন ম্যাচ:

 আইএসএল-এর মিডিয়া রাইটস অর্জন করেছে FanCode (Dream Sports-এর মালিকানাধীন)

টিভি সম্প্রচার: ফ্যানকোড তাদের লিনিয়ার টিভি স্বত্ব Sony Sports Network-কে সাবলাইসেন্স করেছে। ফলে ভারতে সোনি স্পোর্টস চ্যানেলে খেলা দেখা যাবে।

About Post Author