Home » নজরে পঞ্চায়েত, রবিবার সাগরদিঘি দিয়েই জেলা বৈঠক শুরু তৃণমূল সুপ্রিমো মমতার

নজরে পঞ্চায়েত, রবিবার সাগরদিঘি দিয়েই জেলা বৈঠক শুরু তৃণমূল সুপ্রিমো মমতার

সময় কলকাতা ডেস্ক, ১৯ মার্চ: শুক্রবারই কালীঘাটে দলীয় সাংসদ, বিধায়ক ও শাখা সংগঠনের পদাধিকারীদের নিয়ে বৈঠক করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিনই তৃণমূল জানিয়েছিল প্রতিমাসে অন্তত তিনদিন তিনি জেলাভিত্তিক বৈঠক করবেন পঞ্চায়েত ভোটের আগে। সেইমতো রবিবারই ভার্চুয়াল মাধ্যমে জেলা বৈঠক শুরু করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সদ্য উপনির্বাচনে পরাজিত মুর্শিদাবাদের সাগরদিঘি এই তালিকায় প্রথমে রয়েছে।

আরও পড়ুন  সপ্তাহান্তেও একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে জেলায় জেলায় দলের সংগঠনকে আরও শক্তিশালী করে তুলতে বেশ কিছু নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে বলেছিলেন, তিনি নিজেই তৃণমূলের জেলা সংগঠনগুলির সঙ্গে বৈঠক করবেন। সেখানে যেমন দলের হাল জানবেন তেমনই দলীয় নেতৃত্বকে প্রয়োজনীয় নির্দেশ দেবেন। তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, রবিবার বেলা দেড়টা নাগাদ ভার্চুয়াল মাধ্যমে মুর্শিদাবাদের সাগরদিঘি কেন্দ্রের তৃণমূল নেতৃত্বের সঙ্গে প্রথম বৈঠকটি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে যাতে সাগরদিঘির প্রভাব না পড়ে তার জন্যই এই জেলা নেতৃত্বের সঙ্গে জরুরি বৈঠক। এমনকী ভার্চুয়াল বৈঠক করার জন্য যে জেলার তালিকা করা হয়েছে সেখানে মুর্শিদাবাদের সাগরদিঘিকেই প্রথম স্থানে রাখা হয়েছে। সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক অটুট রাখতেই তালিকার প্রথম স্থানে সাগরদিঘি বলে মনে করা হচ্ছে। আজ, রবিবার দুপুর দেড়টা নাগাদ মুর্শিদাবাদের তৃণমূল নেতা–নেত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই জেলার বিধায়ক, সাংসদ–সহ দুই সাংগঠনিক জেলা সভাপতি, চেয়ারম্যানকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে ওই বৈঠকে।

আরও পড়ুন  আসানসোল আদালতে পেশ জিতেন্দ্র, আদালতে নিজেই নিজের সওয়াল করলেন

আগেই তিনি সাগরদিঘি উপনির্বাচনে কেন ২৩ হাজার ভোটে তৃণমূলকে হারতে হল সেই ব্যাপারে খোঁজখবর নিয়েছিলেন। সাগরদিঘিতে বাম–সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন। তৃণমূলের একাংশের শঙ্কা সংখ্যালঘু ভোট সরে যাওয়াতেই এই হার। সাগরদিঘির হার যাতে আসন্ন পঞ্চায়েত ভোটে প্রভাব না পড়ে তার জন্য সতর্ক করেছিলেন তৃণমূলনেত্রী।

গত শুক্রবার কালীঘাটে দলীয় বৈঠকের পর তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, বেশ কয়েকটা জেলায় সংগঠনের মাথায় রদবদল করা হচ্ছে। যেমন মুর্শিদাবাদে, এই জেলায় ইটাহারের বিধায়ক তথা সংখ্যালঘু সেলের নতুন সভাপতি মোশারফ হোসেনের সঙ্গে সিদ্দিকুল্লা চৌধুরীকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে বোঝাই যাচ্ছে সাগরদিঘি উপনির্বাচনে হার যথেষ্ট মাথাব্যাথার কারণ তৃণমূলের কাছে। এবার দলনেত্রী জেলাভিত্তিক বৈঠক সাগরদিঘি থেকেই শুরু করায় সেটা আবারও প্রমাণিত হল।

About Post Author