Home » যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় আরও ৫ পড়ুয়াকে তলব পুলিশের

যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় আরও ৫ পড়ুয়াকে তলব পুলিশের

সময় কলকাতা ডেস্ক, ২৪ অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। এবার তদন্তের স্বার্থে হস্টেলে থাকা আরও ৫ পড়ুয়াকে তলব করল পুলিশ। জানা গিয়েছে, ৯ আগস্ট রাতে হস্টেলে যখন মৃত ওই ছাত্রের ওপর শারীরিক এবং মানসিক অত্যাচার করা হয়, সেসময় এই পাঁচ পড়ুয়াও সেখানে উপস্থিত ছিলেন। কার্যত সেকারণেই জিজ্ঞাসাবাদের জন্য ওই ৫ জনকে তলব করা হয়েছে।ইতিমধ্যেই দুই আবাসিকের থেকে পুলিশ জানতে পেরেছে, ৯ তারিখ হস্টেলের বারান্দা থেকে খুব চিৎকার শোনা গিয়েছিল। এতকিছুর পরও হস্টেল কতৃপক্ষ কেন কিছুই জানতে পারেননি,, তা নিয়েই উঠছে একাধিক প্রশ্ন। সবটা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। এদিকে, ছাত্রমৃত্যুর ঘটনায় বুধবার তিন অভিযুক্তকে ফের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। জানা গিয়েছে, যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় ‘মাস্টারমাইন্ড’ ছিল সৌরভ চৌধুরীই! গত ৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের এ২ ব্লকের তিনতলা থেকে পড়ে মৃত্যু হয় প্রথম বর্ষের এক পড়ুয়ার। যা নিয়ে তোলপাড় গোটা ক্যাম্পাস।

আরও পড়ুন   পুর নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তলব নিয়ে মুখ খুললেন দমকল মন্ত্রী সুজিত বসু

মৃতের পরিবার, থানায় খুনের অভিযোগ দায়ের করেন। সেই মামলার তদন্তে নেমে পুলিশের হাতে উঠে আসে একের পর এক বিস্ফোরক তথ্য। এই ঘটনার পিছনে র্যা়গিংয়ের অভিযোগ উঠেছিল। জানা গিয়েছিল, মৃত্যুর আগে ওই পড়ুয়াকে র্যাোগিং করা হয়। মানসিক ও শারীরিক অত্যাচারও করা হয়েছিল। এই ঘটনায় প্রথমেই সৌরভ চৌধুরী নামে এক প্রাক্তনীকে গ্রেফতার করে পুলিশ। তারপর একেএকে মনোতোষ ঘোষ, দীপশেখর দত্ত সহ মোট ১৩ জনকে গ্রেফতার করেছে। তাঁদের মধ্যে সৌরভ, মনোতোষ, দীপশেখরকে পুলিশি হেফাজত শেষে আদালতে তোলা হয়। এরপরই আদালতে শুনানির সময় সরকারি আইনজীবী বলেন, এই ঘটনায় কিংপিন সৌরভই। এদিন আদালতের পুলিশ, ধৃতদের ফের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। ধৃতদের আইনজীবীরা আদালতে জানান, তাঁদের মক্কেলদের পরিকল্পনা করে ফাঁসানো হচ্ছে। তাঁরা নির্দোষ। তাঁদের জামিন দেওয়া হোক। যদিও বিচারক জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন। আগামী ২৫ আগস্ট পর্যন্ত তাঁদের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত।

আরও পড়ুন    যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর জের, এনআইএ তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টের দারস্থ বিজেপি

এদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ছাত্র খুনের ঘটনায় ইউএপিএ ধারা যুক্ত করা, অবিলম্বে এনআইএ তদন্ত এবং ক্যাম্পাসে সেন্ট্রাল ফোর্স মোতায়েনের দাবিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলার আবেদন জানান তিনি। ইতিমধ্যেই এই মামলার অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে বলেই জানা গিয়েছে। পড়ুয়াদের নিরাপত্তায় ক্যাম্পাস চত্বরে সেন্ট্রাল ফোর্স মোতায়েনের দাবিও জানিয়েছেন শুভেন্দু অধিকারীর আইনজীবী। এদিন আইনজীবী জানান, ‘যাদবপুরে মাওবাদীদের মতো নিষিদ্ধ সংগঠন সক্রিয়, তাই জাতীয় নিরাপত্তার স্বার্থে এনআইএ তদন্ত চাইছি।’ এ প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, ‘পুলিশ যদি যথোপযুক্ত ব্যবস্থা নিত, তাহলে আদালতে যেতাম না। পুলিশ ব্যবস্থা না নিলে এই সংগঠনের বিরুদ্ধে এনআইএ তদন্তের প্রয়োজন’।

About Post Author