Home » বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নেপালকে হারিয়ে সুপার ফোরে ভারত

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নেপালকে হারিয়ে সুপার ফোরে ভারত

সময় কলকাতা : এশিয়া কাপের এ গ্রূপে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নেপালকে দশ উইকেটে হারিয়ে সুপার ফোরে পৌঁছে গেল ভারত। নেপাল আগে ব্যাট করে ২৩০ রান করলে ভারতের সামনে ২৩ ওভারে লক্ষ্য ছিল ১৪৫। ২০.১ ওভারে ভারত তুলে নেয় ১৪৭। অপরাজিত অর্ধশতরান করেন রোহিত শর্মা ও শুভমান গিল।

এশিয়া কাপে ভারতকে তাড়া করে বেড়াচ্ছে বৃষ্টি। এদিন খেলা শুরুর দিকে বৃষ্টি ছিল না। পাকিস্তান ম্যাচের মতই প্রথম ইনিংসের খেলা ঠিকঠাক চলছিল। ভারত টসে জিতে নেপালকে ব্যাট করতে পাঠায়। নেপালের ইনিংসের ৩০ ওভারের পরে প্রথম বৃষ্টি আসে। তার আগে ভারতীয় ফিল্ডাররা নেপালকে হাত খুলে সাহায্য করেন।একের পর এক ক্যাচ গলিয়ে নেপালের ওপেনারদের বেশ কিছু রান তুলে নিতে সাহায্য করেন। প্রথম পাঁচ ওভারে পড়ে তিনটি ক্যাচ।শারদুল ঠাকুর ওপেনিং জুটি ভাঙলেও তার বোলিং ছিল নখদন্ত হীন। প্রচুর রান দিলেন সিরাজও। স্পিনার জুটি জাদেজা ও কুলদীপ মিলে ম্যাচে ভারতের প্রাধান্য কায়েম করতে সাহায্য করেন। জাদেজা ছিলেন সবচেয়ে সফল বোলার।৪০ রান দিয়ে ৩ উইকেট পান তিনি। কুলদীপ যাদব উইকেট না পেলেও ভালো বল করেছেন। সামি এদিন বুমরার জায়গায় খেলেছেন, খারাপ বোলিং করেন নি।প্রথম দিকে আসিফ ৫৮ রান করার পরে সোমপাল কামি দ্রুত ৪৬ রান করেন। নেপাল ২৩০ রান করে অলআউট হয় যা কিনা নবাগত দলটির কাছে মোটেই অগৌরবের নয়।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএস মেথড কার্যকরী করলেও ভারতের সামনে লক্ষ্য এমন কিছু বেশি ছিল না।রোহিত -গিলের সামনে নেপালকে অসহায় দেখায়। বেশি আক্রমণাত্মক ছিলেন রোহিত। অপরাজিত ৭৪ রান করার পথে তিনি পাঁচটি ছয় মারেন। ভারত জিতলেও দুর্বল নেপালের প্রতিরোধ দেখে দুশ্চিন্তার অবকাশ থেকেই গেল।।

আরও পড়ুন : ভারত-পাক মহারণের দিন ঠিক হয়ে গেল বিশ্বকাপের দল! কারা রইলেন? কারা বাদ পড়লেন?

About Post Author