সময় কলকাতা ডেস্ক, ৩ সেপ্টেম্বরঃ আরজিকর কাণ্ডের প্রতিবাদে লালবাজার অভিযান জুনিয়র চিকিৎসকদের। আরজিকরের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তা ও সিপি বিনীত গোয়েলের পদত্যাগের দাবি তুলেছেন তাঁরা। সোমবার নির্ঘুম রাত কাটানোর পর মঙ্গলবার সকালেও লালবাজারের সামনে ফিয়ার্স লেনে প্রতিবাদে অনড় জুনিয়র ডাক্তাররা। সময় যত বাড়ছে, ততই যেন আন্দোলনের ঝাঁজ বাড়ছে। প্রায় ২২ ঘণ্টা অবস্থানের পর ফিয়ার্স লেনের রাস্তা থেকে ব্যারিকেড সরানোর প্রক্রিয়া শুরু করল পুলিশ।

আরও পড়ুন গ্রেফতার হতেই সন্দীপ ঘোষের সাধারণ সদস্যপদ খারিজ করল ওয়েস্ট বেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশন
এই ব্যারিকেড থেকে লালবাজারের দিকে আরও একশো মিটার এগোনোর অনুমতি দেওয়া হয়েছে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের। সেখান থেকে লালবাজারে প্রবেশ করার জন্য বাকি ৪০০ মিটার পথ যাবেন আন্দোলনকারীদের ২২ জনের প্রতিনিধিদল। তাঁরা সেখানে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি জমা দেবেন। তবে, কোনও ব্যারিকেড নয়, মানববন্ধন করেই ভিড় সামলাবেন জুনিয়র চিকিৎসকেরা। গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন পুলিশকর্মীরাও। ইতিমধ্যেই জুনিয়র চিকিৎসকরা শান্তিপূর্ণ ভাবে মিছিল এগোনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। উঠতে শুরু করেছে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানও। বেন্টিঙ্ক স্ট্রিট পর্যন্ত এগোবে মিছিল। এরপর বেন্টিঙ্ক স্ট্রিট ক্রসিং পর্যন্ত মিছিল এগোনের পর চিকিৎসকদের ২২ জন প্রতিনিধি ঢুকবেন লালবাজারে।

উল্লেখ্য, আরজিকরে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার পর পেরিয়ে গিয়েছে ২৪ দিন। এই ঘটনার তদন্তে পুলিশি ব্যর্থতার অভিযোগও এর আগে তুলেছিলেন আন্দোলনকারীরা। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার গিয়েছে সিবিআইয়ের হাতে। রপরেও প্রতিবাদের জন্য রোজই পথে নামছেন সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরাও। আরজিকর কাণ্ডের ন্যায্য বিচারের দাবিতে সোমবার থেকে ‘লালবাজার অভিযান’-এ নেমেছেন জুনিয়র চিকিৎসকেরা। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে এই কর্মসূচি। জানা গিয়েছে, পুলিশ কমিশনারের কাছে ডেপুটেশন দিয়ে তাঁরই পদত্যাগের দাবি জানাবেন তাঁরা!


More Stories
মেসিকাণ্ড ঘিরে “কুৎসা”, ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন সৌরভ
আরজিকরের তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, নেপথ্যে কোন রহস্য ?
নাটকীয় দৃশ্য। সেনার ট্রাক আটকাল কলকাতা পুলিশ !