সময় কলকাতা ডেস্ক, ২৮ সেপ্টেম্বরঃ আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। উত্তপ্ত রাজ্যের চিকিৎসক মহল। দফায় দফায় চলছে বিক্ষোভ-প্রতিবাদ। ক্রমশ বড় হচ্ছে প্রতিবাদের বহর। তারই মধ্যে এবার চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে ধুন্ধুমার কাণ্ড কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে। শুক্রবার রাতে চিকিৎসকদের উপর হামলার অভিযোগ উঠল রোগীর পরিজনদের বিরুদ্ধে। ঘটনায় আহত ৩ জুনিয়র ডাক্তার, নার্স-সহ ৩ স্বাস্থ্যকর্মী ও এক পুলিশকর্মী। এই ঘটনার পর থেকেই হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যতক্ষণ না পর্যন্ত নিরাপত্তার সঠিক ব্যবস্থা করা হবে, ততক্ষণ পর্যন্ত কর্মবিরতির ডাক দিয়েছেন সাগর দত্ত মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা। এদিকে, এদিন ঘটনার পর জুনিয়র ডাক্তার কিঞ্জল নন্দের নেতৃত্বে ৮ জনের প্রতিনিধি দল তড়িঘড়ি সাগর দত্ত হাসপাতালে যান।

হাসপাতাল সূত্রের খবর, শুক্রবার শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে ভর্তি হয়েছিলেন রঞ্জনা সাউ (৩৬) নামে এক রোগী। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁর মৃত্যু হয়। রোগীর পরিজনদের দাবি, হাসপাতালে কোনওরকম চিকিৎসা হয়নি রোগীর। এর ফলে মৃত্যু হয় তাঁর। এদিকে, রোগীর মৃত্যুর পর হাসপাতালের ভিতরেই বিক্ষোভ দেখাতে থাকেন রোগীর পরিজনরা। আচমকা ২০-২৫ জন একসঙ্গে হাসপাতালে ঢুকে হামলা চালায় বলে অভিযোগ। মারধর করা হয় হাসপাতালের অন্যান্য মহিলা চিকিৎসক, নার্স, জুনিয়র নার্স-সহ নিরাপত্তা কর্মীদের। এমনকী হাসপাতালে ভাঙচুরও চালানো হয় বলেই অভিযোগ ওঠে।

এই ঘটনার পর থেকেই হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। হামলাকারীরা কীভাবে রোগীদের ওয়ার্ডে ঢুকে পড়লেন, তা নিয়েও উঠেছে প্রশ্ন। হাসপাতালে নিরাপত্তায় যে গাফিলতি রয়েছে, তা কার্যত স্বীকার করছেন সাগর দত্ত মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল পার্থপ্রতিম প্রধান। গোটা ঘটনা ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনে তিনি জানিয়েছেন। সেইসঙ্গে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিকে সমর্থন জানান তিনি। এদিকে, ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।
#SagarDuttamedicalcollege # Doctorsharassed # Juniordoctorsannouncestrike #RGKardoctordeath, #Latestbengalinews


More Stories
মেসিকাণ্ড ঘিরে “কুৎসা”, ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন সৌরভ
আরজিকরের তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, নেপথ্যে কোন রহস্য ?
নাটকীয় দৃশ্য। সেনার ট্রাক আটকাল কলকাতা পুলিশ !