সময় কলকাতা ডেস্ক, ২৯ সেপ্টেম্বরঃ ভোটের অবহেই ফের জঙ্গি হামলা জম্মু-কাশ্মীরে। কুলগামের পর এবার কাঠুয়ায় জঙ্গিদের সঙ্গে মুহুর্মুহু গুলির লড়াই চলল পুলিশের। ঘটনায় নিহত এক নিরাপত্তা রক্ষী। গুরুতর জখম আরও দু’জন। শনিবার রাত থেকে পরদিন সকাল পর্যন্ত চলেছে আক্রমণ-পাল্টা আক্রমণ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁদের গুলিতে মৃত্যু হয়েছে এক জঙ্গিরও।

আরও পড়ুনঃ Sri Lanka VS New Zealand: নিউ জিল্যান্ডকে উড়িয়ে ১৫ বছর পর টেস্ট সিরিজ জয় শ্রীলঙ্কার
এক দশক পর বিধানসভা নির্বাচন হচ্ছে উপত্যকায়। কার্যত এই সময় কাশ্মীরে জঙ্গি আক্রমণ নিয়ে বিশেষ সতর্কতা জারি করেছে কেন্দ্র সরকার। এরই মধ্যে শুক্রবার কুলগামে ধুন্ধুমার গুলির লড়াই হয়েছিল পুলিশ ও জঙ্গিদের। চব্বিশ ঘন্টা যেতে না যেতেই ফের শনিবার রাত থেকে জম্মু ও কাশ্মীরের কাঠুয়ার বিলাওয়ার এলাকায় জইশ-ই-মহম্মদের জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় নিরাপত্তা বাহিনীর। তাতেই নিহত হয়েছেন হেড কনস্টেবল বশির আহমেদ। গুরুতর ভাবে আহত হয়েছেন কাশ্মীর পুলিশের সহকারী উপ-পরিদর্শকও। পরদিন সকাল পর্যন্তও থামেনি গুলির লড়াই। সকালে আবার আহত হয় এক পুলিশকর্মী। তবে পুলিশের গুলি এড়িয়ে সব জঙ্গি পালাতে পারেনি। একজন জঙ্গিও নিহত হয়েছে।
এই জঙ্গি হামলা কাশ্মীরে নতুন কিছু নয়। সীমানায় অবস্থিত ভারতের এই অঞ্চলে পড়শী দেশ পাকিস্তান থেকে জঙ্গিদের প্রবেশের খবর আগে থেকেই ছিল প্রতিরক্ষা বাহিনীর কাছে। শেষ কয়েক মাস ধরে কাশ্মীরে জঙ্গিদের আনাগোনা অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে। ধারাবাহিক ভাবে তারা নাশকতা ছড়াচ্ছে উপত্যকা জুড়ে। কাশ্মীরের পাহাড়ে তাদের লুকিয়ে থাকার খবর আগেই কানে এসেছে। ভারতীয় জওয়ানদের দাবি, পাকিস্তান এই জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে। তাদের সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির যাবতীয় অস্ত্র। আরপিজি, মেশিনগান, নাইট ভিশন এবং উন্নত স্যাটেলাইট ফোন রয়েছে। তাই ভোটের মধ্যেই জঙ্গিরা কাশ্মীরে ঢুকে আক্রমণের চেষ্টা করবে এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। তার পর থেকেই উপত্যকা প্রতিরক্ষা কর্মী দিয়ে মুড়ে ফেলেছে কেন্দ্র সরকার। জঙ্গিদের খোঁজে পাহাড় এবং জঙ্গলে শুরু হয়েছে তল্লাশি অভিযান। উল্লেখ্য, জম্মু-কাশ্মীরে এখনও শেষ দফার ভোট হয়নি। ১ অক্টবর সেই ভোট গ্রহণ হবে। এবং ফলাফল প্রকাশ হবে আগামী ৮ অক্টবর। সেদিনই দেশ জানতে পারবে আগামী পাঁচ বছরের জন্য কে হবে কাশ্মীরের চালক। এই আবহে উপত্যকায় শান্তি বজায় রাখতে নিরাপত্তা আরও আঁটসাঁট করেছে পুলিশ। তবে পরপর এই ধরনের জঙ্গি আগ্রাসন চিন্তা বাড়াচ্ছে দিল্লিতে।


More Stories
যুদ্ধের জাঁতাকলে ভারত
আবার বিজয়ী, ইতিহাস গড়ল ভারত
কেরলের নামবদল : প্রেক্ষাপট ও বিতর্ক