Home » বিকেলেই কালবৈশাখী! ১০ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

বিকেলেই কালবৈশাখী! ১০ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

সময় কলকাতা ডেস্ক, ১১ মার্চ: সপ্তাহান্তের বিকেল কি মরশুমের প্রথম কালবৈশাখীর সাক্ষী হতে চলেছে? অন্তত আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস তাই বলছে। শনিবার বিকেলেই রাজ্যের অন্তত ১০ জেলায় ঝড়বৃষ্টি হতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস। প্রসঙ্গত, শুক্রবার বিকেল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মেঘের আনাগোনা শুরু হয়েছিল। কোনও কোনও জায়গায় ঝোড়ো হাওয়াও বয়েছে। কিন্তু তা স্বস্তি দেওয়ার মতো যথেষ্ট ছিল না। কিন্তু শনিবার সেই সম্ভবনা প্রবল বলেই জানিয়েছেন আবহবিদরা।

এবার দেখে নেওয়া যাক কোন কোন জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

শনিবার দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে ঝড়বৃষ্টি হতে পারে। পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি, দুই দিনাজপুর, মালদহেও। তবে কলকাতা এবং তার সংলগ্ন এলাকায় আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে শনিবার সকাল থেকেই কলকাতা ও উত্তর ২৪ পরগণা জেলার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন। বেলার দিকে তাপমাত্রার পারদ চড়লেও সন্ধ্যার পর কিছুটা কমছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা খুব একটা হেরফের হবে না। তবে আগামী সপ্তাহের বুধবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

About Post Author