Home » মণিপুর ইস্যুতে রাজ্যের পুলিশের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ সুপ্রিম কোর্টের

মণিপুর ইস্যুতে রাজ্যের পুলিশের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ সুপ্রিম কোর্টের

সময় কলকাতা ডেস্ক,৩ আগস্ট: প্রায় চার মাসেরও বেশি সময় ধরে অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরে। মণিপুরে লাগাতার অশান্তির ঘটনায় ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ছে কেন্দ্রীয় সরকার। এহেন পরিস্থিতিতে মণিপুর প্রশাসনের প্রতি তীব্র অনাস্থা প্রকাশ করলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। মণিপুর ইস্যুতে রাজ্যের পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। মণিপুর সরকারের হয়ে বুধবার আদালতে হাজির ছিলেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা। এদিন বিচারপতি ক্ষোভ প্রকাশ করে সলিসিটর জেনারেলকে বলেন,‘মণিপুরের ঘটনায় এখনও পর্যন্ত ৬৫২৩টি এফআইআর দায়ের হয়েছে। কিন্তু গ্রেফতার হয়েছে ২৫২ জন? ওই রাজ্যে পুলিশ কী করছে? পুলিশ কি আদৌ তদন্ত করছে? যদিও এদিন কেন্দ্রীয় সরকারের তরফে অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কট রমানি আদালতকে জানান, ‘মণিপুরের হিংসায় ১১টি ক্ষেত্রে নারী ও শিশুর প্রতি নির্যাতনের অভিযোগ রয়েছে। তাঁর মধ্যে সম্প্রতি মণিপুরে ২ মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটানোর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে সিবিআই। কিন্তু বাকি ১১টি ঘটনার সিবিআই তদন্তের প্রস্তাব নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি সুপ্রিম কোর্ট। ওই ১১টি ঘটনাকেও সিবিআই তদন্তের আওতায় আনা হোক।’

আরও পড়ুন    কেন্দ্র এবং মণিপুর সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দারস্থ মণিপুরের ২ নির্যাতিতা


এসবের মাঝেই উত্তপ্ত মণিপুরে শান্তি ফেরাতে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দারস্থ হল ‘ইন্ডিয়া’ জোটের প্রতিনিধিরা। বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে তাঁর কাছে স্মারকলিপি জমা দিলেন বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের প্রতিনিধিরা। এদিন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন শরদ পাওয়ার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, সঞ্জয় রাউত প্রমুখ। তাঁর হাতে স্মারকলিপি তুলে দেন বর্ষীয়ান কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। স্মারকলিপিতে রাষ্ট্রপতির কাছে জানানো হয়েছে,সংসদের বাদল অধিবেশনে আর দেখা মিলছে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। মণিপুরে হস্তক্ষেপ করুন রাষ্ট্রপতি। পাশাপাশি এদিন রাজ্যসভার সাংসদ তৃণমূল নেত্রী সুস্মিতা দেব রাষ্ট্রপতির কাছে আরজি জানিয়েছেন, মণিপুরের দুই নির্যাতিতা মহিলাকে রাজ্যসভায় পাঠানো হোক।

আরও পড়ুন      মণিপুরে শান্তি ফেরাতে রাষ্ট্রপতিকে স্মারকলিপি ‘ইন্ডিয়া’ জোটের

প্রসঙ্গত, গত সপ্তাহেই অশান্ত মণিপুরে যান ‘ইন্ডিয়া’ জোটের ১৬টি দলের মোট ২০ জন প্রতিনিধি। মণিপুর পৌঁছেই তাঁরা দুই দলে ভাগ হয়ে যায়। একদল পাহাড়ি অঞ্চলে সংখ্যাগরিষ্ঠ কুকিদের সঙ্গে দেখা করে। অন্যদলটি উপত্যকায় মেইতেই সম্প্রদায়ের সঙ্গে দেখা করে। উপত্যকার ইম্ফল থেকে পাহাড়ের চূড়াচাঁদপুর– দুই প্রতিনিধিদল সর্বত্র গিয়েছে। ত্রাণ শিবিরগুলিতে মহিলা ও শিশুদের করুণ পরিস্থিতি দেখে স্তম্ভিত তাঁরা। গত রবিবার সকালে মণিপুরের রাজ্যপালের সঙ্গে ইন্ডিয়া জোটের প্রতিনিধিদল দেখা করেছে। বিরোধীদের দাবি, গত ৮৯ দিন ধরে প্রধানমন্ত্রী যেভাবে মণিপুর নিয়ে মৌনব্রত নিয়েছেন, তাতেই বোঝা যায়, মণিপুর নিয়ে তাঁর মানসিকতা কী। এদিন রাজ্যপাল অনুসূয়া উইকের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর হাতে মণিপুর ইস্যুতে স্মারকলিপি তুলে দেন ‘ইন্ডিয়া’ জোটের সাংসদরা। মণিপুরের রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন ‘ইন্ডিয়া’ জোটের ২১ জন সাংসদ। তাঁদের জমা দেওয়া স্মারকলিপিতে রীতিমতো তীব্র ভাষায় বিজেপি সরকারকে আক্রমণ শানানো হয় বলেই সূত্রের খবর।

About Post Author