স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৬ অগস্টঃ প্যারিস অলিম্পিক্সে ১৪০ কোটি দেশবাসী তাকিয়ে ছিল একজনের দিকে। তিনি টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়া। স্বাধীন ভারতে প্রথম ক্রীড়াবিদ হিসেবে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনা জিতে নজির গড়েছিলেন তিনি। এবার সেই সোনা ধরে রাখার লক্ষ্য নিয়ে প্যারিসে গিয়েছিলেন। তিনি যে জীবনের সেরা ফর্মে রয়েছেন যোগ্যতা অর্জন পর্বে বুঝিয়ে দিলেন। ৮৯.৩৪ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে প্রতিযোগিতার ফাইনালে জায়গা করে নিলেন ভারতের সোনার ছেলে নীরজ।

নিয়মানুযায়ী যোগ্যতা অর্জন করতে হলে একজন প্রতিযোগিকে ৮৪ মিটার বা তার বেশি দূরত্বে জ্যাভলিন ছুড়তে হবে। এই খেলায় তিনি কেন বিশ্বসেরা বুঝিয়ে দিলেন নীরজ। প্রথম থ্রোয়ে ছুড়লেন ৮৯.৩৪ মিটার। অলিম্পিক্সে যা নীরজের সেরা পারফরম্যান্স। টোকিওতে ছুঁড়েছিলেন ৮৭.৫৮ মিটার। যদিও নিজের ব্যক্তিগত ৮৯. ৯৮ মিটারের থেকে কিছুটা কম। নিজেকে গত চার বছরে তিনি কতটা পরিণত করেছেন এই ফল তারই প্রমাণ।
নীরজের রেকর্ডের দিনে ব্যর্থ হলেন আর এক ভারতীয় কিশোর জেনা। গ্রুপ-এ তে ছিলেন তিনি। ৮০.৭৩ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়লেন তিনি। যা সরাসরি যোগ্যতা অর্জন করার পয়েন্টের থেকে অনেকটাই কম। তারপরেও সুযোগ ছিল সেরা বারো জনের মধ্যে থেকে পরের রাউন্ডে যাওয়ার। কিন্তু সেখানেও ঠাঁই হয়নি কিশোরের। এই গ্রুপ থেকে সরাসরি যোগ্যতা অর্জন করেছেন জার্মানির জুলিয়ান ওয়েবার। ৮৭.৭৬ মিটার দূরত্বে তিনি জ্যাভলিন ছুড়েছেন। কেনিয়ার জুলিয়াস ইয়েগো। তাঁর স্কোর ৮৫.৯৭ মিটার। চেকিয়ার ইয়াকুব ভাদলেক। তিনি ছুড়লেন ৮৫.৬৩ মিটার দূরত্বে। এবং ফিনল্যান্ডের টনি কেরানেন। ৮৫.২৭ দূরে জ্যাভলিন পাঠালেন তিনি।
আরও পড়ুনঃ Mohun Bagan : মোহনবাগানে কত নম্বর জার্সি পেলেন স্টিওয়ার্ট-আলবার্তোরা?
গ্রুপ বি-তে ছিলেন নীরজ। এই গ্রুপ থেকে নীরজ ছাড়াও এখনও পর্যন্ত সরাসরি যোগ্যতা অর্জন করেছেন গ্রেনাডার অ্যান্ডরসন পিটার্স। তাঁর স্কোর ৮৮.৬৩ মিটার, পাকিস্তানের আরশাদ নাদিম। নীরজের বন্ধু জ্যাভলিন ছুড়লেন ৮৬.৫৯ মিটার। ব্রাজিলের লুইজ মরিসিয়ো ডা সিলভা। ৮৫.৯১ মিটার স্কোর তাঁর। এবং মলডোভার আন্দ্রিয়ান মারডারে। তিনি ছুড়লেন ৮৪.১৩ মিটার। দুটি গ্রুপ থেকে সরাসরি ফাইনালে যোগ্যতা অর্জন করেছেন মোট ন’জন প্রতিযোগি।
৮ অগস্ট ফাইনালে নামবেন ভারতের নীরজ। তিন বছর আগে ৭ অগস্ট অলিম্পিক্সে সোনা জিতেছিলেন তিনি। অগস্ট মাসেই আবার দ্বিতীয় সোনা জয় করে প্রথম ভারতীয় হিসেবে পরপর দুটি অলিম্পিক্সে সোনা জয়ের নজির গড়ার সুযোগ রয়েছে ভারতের সোনার ছেলের সামনে।


More Stories
ইনিংস ও ৩০০ রানে জয় ভারতের
স্বপ্নের অভিষেক, সুতারে ধরাশায়ী আফগানিস্তান
অভিষেকে মানব যেন মহামানব, আফগানিস্তান বিপাকে