Home » জুনিয়র ডাক্তারদের প্রস্তাবে সায়! আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসতে রাজি রাজ্য সরকার

জুনিয়র ডাক্তারদের প্রস্তাবে সায়! আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসতে রাজি রাজ্য সরকার

সময় কলকাতা ডেস্ক, ১৮ সেপ্টেম্বর: আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর আন্দোলনের ৪০ দিন অতিক্রান্ত। কিন্তু, বিচারের দাবিতে এখনও কর্মবিরতিতে অনড় জুনিয়র চিকিৎসকেরা। মঙ্গলবার গভীর রাতে বৈঠকের পর জুনিয়র ডাক্তাররা জানিয়েছিল, আরও আলোচনা চান তাঁরা। সেই আলোচনা যতদিন না হচ্ছে, ততদিন জারি থাকবে কর্মবিরতি। কাজে ফিরতে চেয়ে ইতিমধ্যেই রাজ্যের সঙ্গে আলোচনা বসতে চাইছেন তাঁরা। আরও কয়েক দফা দাবি নিয়ে রাজ্যের সঙ্গে বৈঠকে বসতে চেয়ে মুখ্যসচিবকে বুধবার ফের ইমেল করেন জুনিয়র ডাক্তাররা। এবার জুনিয়র ডাক্তারদের সেই ইমেলে সাড়া দিল নবান্ন। এদিন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ পাল্টা মেল করে জানিয়েছেন, আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসতে রাজি রাজ্য সরকার। আজ, বুধবার সন্ধ্যে সাড়ে ৬টায় জুনিয়র ডাক্তারদের বৈঠকে ডাকল নবান্ন।

আরও পড়ুন  Abhishek Banerjee: “দাবি মানা হয়েছে এবার কাজে ফিরুন”, জুনিয়ার চিকিৎসকদের উদ্দেশ্যে লম্বা টুইট ভাইপোর

আন্দোলনরত ডাক্তারদের পাঠানো ইমেলে মনোজ পন্থ জানিয়েছেন, ‘ সন্ধ্যে ৬.৩০ মিনিটে নবান্ন সভাঘরে বৈঠক হবে। ৬.১৫ মিনিটের মধ্যে জুনিয়র ডাক্তারদের সেখানে পৌঁছে যেতে বলা হয়েছে। সেইসঙ্গে রাজ্যে বন্যা পরিস্থিতির কথা মনে করিয়ে দিয়ে চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধও জানান মুখ্যসচিব।’ প্রসঙ্গত, জুনিয়র চিকিৎসকদের দাবিগুলির মধ্যে অন্যতম স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের অপসারণ এবং ছাত্র সংসদ নির্বাচন। আন্দোলনকারীদের দাবি, সুপ্রিম কোর্টের ভূমিকাও ইতিবাচক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও সদার্থক আলোচনা হয়েছে। কিন্তু জুনিয়র ডাক্তারদের সমস্ত দাবি মানা হয়নি বলেই অভিযোগ। স্বাস্থ্যসচিবকে এখনও সরানো হয়নি।

উল্লেখ্য, আরজিকরের জুনিয়র ডাক্তারেরা যে পাঁচ দফা দাবির কথা তুলেছেন, সেগুলি হল— প্রথমত, আরজিকর কাণ্ডের সঙ্গে জড়িত সমস্ত দোষীদের দ্রুত চিহ্নিত করা, অপরাধের উদ্দেশ্য সামনে আনা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। দ্বিতীয়ত, তথ্যপ্রমাণ লোপাটের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে জড়িতদের চিহ্নিত করতে হবে। তৃতীয়ত, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে ‘ব্যর্থ প্রমাণিত’ কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলের ইস্তফা। চতুর্থত, রাজ্যের সব মেডিক্যাল কলেজ, হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা। পঞ্চমত, রাজ্যের সব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভয়মুক্ত পরিবেশ গড়া এবং গণতান্ত্রিক পরিবেশ সুনিশ্চিত করা।


চতুর্থ ও পঞ্চম দফা দাবি মানা ঘিরেও ধোঁয়াশা রয়েছে। একইসঙ্গে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা প্রতি কলেজে দ্রুত ছাত্র নির্বাচন করে ছাত্র সংসদ গঠনের দাবিও তুলেছেন। সরব হয়েছেন প্রতিটি মেডিক্যাল কলেজে টাস্ক ফোর্স গঠন, জুনিয়র এবং রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনকে মান্যতা দেওয়ার দাবিতেও। এবার রাজ্য সরকার কী পদক্ষেপ করে বৈঠকে, সেটাই এখন দেখার।

#CMMamataBanerjee #ChiefSecretaryManojPanth #SwasthaBhavan  #RGkarHospital  #RGKARDoctorDeath  

#Latestbengalinews  

About Post Author