সময় কলকাতা ডেস্ক, ২৩ এপ্রিলঃ আগামী ২৬ এপ্রিল রাজ্যে তিন কেন্দ্রে দ্বিতীয় দফার ভোট। দ্বিতীয় দফায় বাংলার তিনটি আসনে- দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাটে ভোট রয়েছে। তার আগে রাজ্যের কোথায় কত কোম্পানি বাহিনী নিয়োগ করা হবে, তা জানিয়ে দিল নির্বাচন কমিশন, জানা গিয়েছে, দ্বিতীয় দফার ভোটে রাজ্যে মোট ২৯৯ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। এর মধ্যে সবথেকে বেশি বাহিনী মোতায়েন করা হবে উত্তর দিনাজপুরে।
মোট ১১১ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে উত্তর দিনাজপুরে। তার মধ্যে ইসলামপুরে মোতায়েন করা হচ্ছে ৫১ কোম্পানি বাহিনী ও রায়গঞ্জে ৬০ কোম্পানি মোতায়েন করা হচ্ছে। এই দুই জায়গায় কুইক রেসপন্স টিম রাখা হচ্ছে। অন্যদিকে, দক্ষিণ দিনাজপুরে ৭৩ কোম্পানি বাহিনী ও কুইক রেসপন্স টিম থাকছে। এদিকে, দার্জিলিং-এ ৫১ কোম্পানি বাহিনী এবং ৫০টি কুইক রেসপন্স টিম মোতায়েন থাকছে।
কালিম্পংয়ে ১৬ কোম্পানি বাহিনী এবং ১৫টি কুইক রেসপন্স টিম মোতায়েন থাকছে। এছাড়া, প্রথম দফায় ভোট হয়ে যাওয়া তিন কেন্দ্রেও দুই কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে। প্রথম দফায় বাংলায় জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভোট হয়েছে। সেক্ষেত্রে ভোটগ্রহণ হয়ে যাওয়া এই তিন লোকসভা কেন্দ্রের মধ্যে প্রতিটি কেন্দ্রে দুই কোম্পানি করে বাহিনী মোতায়েন রাখা হচ্ছে। পাশাপাশি স্ট্রং রুমের জন্য ১ কোম্পানি বাহিনী ও ভোট পরবর্তী গোলমালের ঘটনা আটকানোর জন্য ১ কোম্পানি বাহিনী প্রস্তুত রাখা হচ্ছে। এছাড়া ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও মুর্শিদাবাদে চার কোম্পানি বাহিনী মোতায়েন রাখা হবে বলে জানা গিয়েছে।
#CentralForce
#Latestbengalinews
#LokSabhaElection2024


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা