Home » ৫২ বছর পরে অলিম্পিকে হকিতে ভারত হারাল অস্ট্রেলিয়াকে, কোয়ার্টার ফাইনালে ভারতের প্রতিপক্ষ কোন দেশ?

৫২ বছর পরে অলিম্পিকে হকিতে ভারত হারাল অস্ট্রেলিয়াকে, কোয়ার্টার ফাইনালে ভারতের প্রতিপক্ষ কোন দেশ?

সময় কলকাতা ডেস্ক, ৩ অগাস্ট : ৫২ বছরের প্রতীক্ষার অবসান। অবশেষে হকিতে ভারত হারাল অস্ট্রেলিয়াকে।১৯৭২ সালের মিউনিখ অলিম্পিকের পরে ভারত পুরুষ হকিতে অলিম্পিকের আসরে অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি। শুক্রবার প্যারিস অলিম্পিক ২০২৪ -এ ভারত অস্ট্রেলিয়াকে ৩-২ গোলে হারিয়ে বহু পুরনো স্মৃতি ফিরিয়ে আনল । ২০২০ টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী ভারতের কোয়ার্টার ফাইনালে ওঠা আগেই নিশ্চিত ছিল। এই ম্যাচ জেতায় বেলজিয়ামের কাছে হারের ধাক্কা সামলে ভারত পুল বিতে ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করেছে। কোয়ার্টার ফাইনালে ভারতের প্রতিপক্ষ গ্রেট ব্রিটেন।

শুক্রবারের ম্যাচ ভারতীয় ক্রীড়াপ্রেমীদের আরেকটি পদকের স্বপ্ন দেখাতেই পারে। দুর্দান্ত শুরু করে  ভারত প্রথম কোয়ার্টারে ২-০ গোলে এগিয়ে যায়। অভিষেক বেলজিয়াম ম্যাচের মতই ফিল্ড গোলে এগিয়ে দেওয়ার পরে অধিনায়ক হরমনপ্রীত ব্যবধান বাড়ান। অস্ট্রেলিয়া একটি গোল শোধ করলেও, হরমনপ্রীত আবার গোল করে ভারতকে ৩-১ গোলে এগিয়ে দেন। অস্ট্রেলিয়ার খেলায় সমতা ফেরানোর অনেক চেষ্টা করলেও আর একটির বেশি গোল পায় নি। উল্লেখ্য, ভারত ৩ -২ ব্যবধানে নিউজিল্যান্ডকে ও ২-০ গোলে আয়ারল্যান্ডকে হারিয়েছিল। আর্জেন্টিনার সঙ্গে ভারতের ম্যাচ ১-১ গোলে শেষ হয়।

হকিতে গত ৪৪ বছরে ভারত সোনা পায় নি। সোনা জয়ের লক্ষ্যে ভারতের অভিযানে ভারতের সামনে অনেক বাধা আসতে চলেছে। বর্তমানে বিশ্ব হকি ৱ্যাঙ্কিং-এ শীর্ষে থাকা বেলজিয়াম ছাড়াও পুল এ -র থেকে কোয়ার্টার ফাইনালে ওঠা জার্মানি সহ একাধিক শক্তিশালী প্রতিপক্ষ রয়েছে। বহুযুগ পরে যেভাবে শুক্রবার ভারত হারাল অস্ট্রেলিয়াকে তারপরে আশায় ভুগছেন  ভারতবাসী। রবিবার ভারত এ পুলের তৃতীয় স্থানাধিকারী দল গ্রেট ব্রিটেনের মুখোমুখি হচ্ছে। সাম্প্রতিক সময়ে গ্রেট ব্রিটেনের পারফরম্যান্স ভারতের সঙ্গে বেশ ভালো। FIH Pro League এ ভারতকে শেষ দুটি সাক্ষাৎকারে হারিয়ে দেয় গ্রেট ব্রিটেন।

# ভারত হারাল অস্ট্রেলিয়াকে

আরও পড়ুন ভ্যান গগ ও ডোনাল্ড ট্রাম্প : কানকাটা রাজার আদিকথা

About Post Author