Home » মিজোরামে শুরু ভোটগণনা, ২৯ আসনে এগিয়ে জোরাম পিপলস মুভমেন্ট

মিজোরামে শুরু ভোটগণনা, ২৯ আসনে এগিয়ে জোরাম পিপলস মুভমেন্ট

সময় কলকাতা ডেস্ক, ৪ ডিসেম্বরঃ  রবিবারই ৪ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। আজ, সোমবার মিজোরামের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের দিন। এদিন সকাল ৮টা থেকে মিজোরামে শুরু ভোটগণনা। গণনা শুরু হয়েছে ব্যালট পেপারের। গণনা শুরু হতেই এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে জোরাম পিপলস মুভমেন্ট। পালা বদলের বড় ইঙ্গিত মিলছে। শেষ পাওয়া আপডেট অনুযায়ী ২৯টি আসনে এগিয়ে রয়েছে জোরাম পিপলস মুভমেন্ট। অন্যদিকে, মিজো ন্যাশনাল ফ্রন্ট এগিয়ে রয়েছে ৭টি আসনে। কংগ্রেস ১টি আসনে এবং বিজেপি ৩টি আসনে। রবিবারই ৪ রাজ্যের সঙ্গে মিজোরামের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু শুক্রবারই নির্বাচন কমিশনের তরফে জানানো হয় যে, মিজোরামের ফলপ্রকাশ ৪ ডিসেম্বর হবে। গত ৭ নভেম্বর মিজোরামে বিধানসভা নির্বাচন হয়। ৪০টি আসনের বিধানসভা নির্বাচনে মোট ১৭৪ জন প্রার্থী লড়েছিলেন। মিজোরামে মুখ্য প্রতিদ্বন্দ্বী দলগুলি হল মিজো ন্যাশনাল ফ্রন্ট, জ়োরাম পিপলস মুভমেন্ট ও কংগ্রেস। তিনটি দলই ৪০ আসনে প্রার্থী দিয়েছিল। বিজেপি মাত্র ১৩টি আসনে প্রার্থী দিতে পেরেছিল। আম আদমি পার্টিও এবার প্রথম মিজোরামের নির্বাচনে অংশ নিয়েছিল। ৪টি আসনে লড়েছে আপ প্রার্থীরা।

আরও পড়ুন    Vijaya Hazare Trophy: অভিমন্যু ছাড়াই বিজয় হাজারে ট্রফিতে অর্জুনদের হারাল বাংলা

প্রসঙ্গত, ২০১৮ সালে মিজোরামের বিধানসভা নির্বাচনে ২৬ আসনে জয়ী হয়েছিল এমএনএফ। কংগ্রেসকে হারিয়ে এনডিএ জোটের শরিক দল সরকার গঠন করেছিল। জ়োরাম পিপলস মুভমেন্ট দল পেয়েছিল ৮টি আসন, কংগ্রেস পেয়েছিল মাত্র ৫টি। উল্লেখ্য, রবিবারই মধ্যপ্রদেশ , রাজস্থান , ছত্তীসগঢ় ও তেলঙ্গানায় বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়। ভোটগণনার শুরু থেকেই মধ্যপ্রদেশে এগিয়েই ছিল শাসক দল বিজেপি। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, মধ্য প্রদেশে ২৩০টি আসনের মধ্যে ১৬৪টি আসনেই জয়ী হয়েছে বিজেপি। কংগ্রেস এগিয়ে ৬৫ আসনে। ২০১৮-র বিধানসভা ভোটে জিতে মধ্যপ্রদেশে কংগ্রেস ক্ষমতা দখল করলেও দেড় বছরের মাথাতেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সাহায্যে দু’ডজন বিধায়ক ভাঙিয়ে মুখ্যমন্ত্রী কমল নাথের সরকারের পতন ঘটিয়েছিল বিজেপি। তেলঙ্গানায় পালাবদলের বড় ইঙ্গিত প্রথম থেকেই কেননা গণনা পর্বের শুরু থেকেই এগিয়ে ছিল কংগ্রেস।

আরও পড়ুন   ফিশ ফ্রাই নয়, সন্ধ্যার টিফিনে বানিয়ে ফেলুন মুখরোচক কলার বড়া

তেলঙ্গানায় দু’টি বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়েছিলেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। কামারেড্ডি ও গজওয়েল। কেসিআর-এর দলকে অনেকটা পিছনে ফেলে ৬৪টি আসনে জয়ী হয়েছে কংগ্রেস। বিপুল ভোটে জয়ী হতেই হায়দ্রাবাদের কংগ্রেস অফিসের বাইরে কংগ্রেস কর্মীদের শুরু হয়েছিল জয়ের উদযাপন। তেলেঙ্গানায় কংগ্রেস আসতে পারে বলে প্রথম থেকেই মনে করেছিলেন রাজনৈতিক মহলের একাংশ। তেলেঙ্গানায় পাল্লা কার দিকে ভারী হয়, সেই দিকেই সকাল থেকে নজর ছিল রাজনৈতিক মহলের। অন্যদিকে, রাজস্থানে ১১৫ ভোটে জয়ী হয়েছে বিজেপি। রাজস্থান পুরোপুরি কংগ্রেসের হাতছাড়া হয়েছে। যদিও গণনার শুরু থেকেই ছত্তীসগঢ়ে হাড্ডাহাড্ডি লড়াই চলেছে কংগ্রেস ও বিজেপির মধ্যে। ৪৬টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। বিজেপি ৫৪টি আসনে জয়ী হয়েছে। বিজেপি ও কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝেও বিজেপি যে ফের নরেন্দ্র মোদিকে সামনে রেখেই ২৪-এর ভোট ময়দানে নেমেছিল, তা পুরোপুরি স্পষ্ট৷

About Post Author